২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

খাল দখল করে নির্মিত অবৈধ সাতটি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 06:42 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

সোমবার নগরীর আকবর শাহ থানার কর্নেলহাট এলাকার নাজির খালের উপর নির্মিত এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শারমিন।

সিসিসি ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্নেল হাট ডিটি সড়ক সংলগ্ন নাজির খাল দখল করে অবৈধভাবে নির্মিত সাতটি বিভিন্ন ধরনের দোকান উচ্ছেদ করা হয়েছে।

খালের মধ্যে খুঁটি গেড়ে নির্মিত এসব দোকান উচ্ছেদ করে খালটিকে উন্মুক্ত করে দেওয়া হয় বলে জানান তিনি।

এছাড়াও অভিযানে কর্নেলহাট সিটি করপোরেশন মার্কেট সংলগ্ন ফুটপাত দখল করে পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় চার দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জাফর জানান। 

অভিযানে সিসিসিকে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।