২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 04:19 PM

Updated : 20 Aug 2022, 02:21 PM

চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর রোববার এ রায় দেন বলে চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী জানান।

দণ্ডপ্রাপ্ত মো. শামসুদ্দিন বাহাদুর রায় ঘোষণার সময় আদালত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

ফখরুদ্দিন চৌধুরী জানান, বিচারক আসামিকে কারাদণ্ডের পাশাপশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দিয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, শামসুদ্দিন বাহাদুর হল্যান্ড প্রবাসী ছিলেন। ছয় মাস পরপর দেশে এসে প্রায়ই তিনি স্ত্রী নুরজাহান বেগমকে যৌতুকের জন্য মারধর করতেন।   

২০১০ সালের ৫ ফেব্রুয়ারি নগরীর উত্তর খুলশীর অ্যাপার্টমেন্টের বাথরুম থেকে নুরজাহান বেগমের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নুরজাহানের বাবা হাজী আমীর ছফা ওইদিনই জামাতা শামসুদ্দিনকে আসামি করে মামলা করেন।

২০১১ সালের ৩০ জুন মামলায় অভিযোগপত্র দেওয়া হয় এবং পরের বছরের ১২ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।