২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিতু হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার নসুর জামিনে মুক্ত

চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আকতার মিতু হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আবু নসুর গুন্নু জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 08:51 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নসুর মুক্তি পান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন জেলার মাহবুবুল ইসলাম।

তিনি বলেন, “হত্যা মামলা এবং অন্য একটি মামলায় নসুরের জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়।”

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যা মামলায় নসুর উচ্চ আদালত থেকে চার মাসের জামিন পেয়েছেন।

মিতু হত্যা মামলা ছাড়াও অন্য একটি মামলায় নসুর গ্রেপ্তার ছিলেন।

এদিকে গত বৃহস্পতিবার মিতু হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি এহতেশামুল হক ভোলা ও মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনে ১৩ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

হাটহাজারী উপজেলার দরবারে মুসাবিয়া এন্তেজামিয়া এলাকার বাসিন্দা নসুরের বিরুদ্ধে সীতাকুণ্ড থানার অপহরণ মামলাসহ মোট ১০টি মামলা আছে।

গত ৫ জুন নগরীর ও আর নিজাম রোডে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করা হয় মিতুকে। এরপর ৮ জুন চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার হন আবু নসুর গুন্নু।

পরদিন নসুরকে আদালত কারাগারে পাঠানোর পর তার পক্ষে সংবাদ সম্মেলন করে হাটহাজারীর দরবারে মুসাবিয়া এন্তেজামিয়ার উত্তরসূরিদের এক পক্ষ। তাদের দাবি, ওই মাজারের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে নসুরকে ফাঁসানো হয়েছে।

মিতু হত্যায় গত ২৬ জুন মোতালেব মিয়া ওয়াসিম ও আনোয়ার, ২৮ জুন এহতেশামুল হক ভোলা ও মনির হোসেন এবং ১ জুলাই শাহজাহান ও মুছার ভাই সাইফুল আলম শিকদার ওরফে সাকু মাইজ্যাকে গ্রেপ্তার করে পুলিশ।

৫ জুলাই রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়িতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন মিতু হত্যায় সন্দেহভাজন রাশেদ ও নুরুন্নবী।

মিতু হত্যার ঘটনায় গ্রেপ্তার সাতজনের মধ্যে ওয়াসিম, আনোয়ার ও মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে তাদের জবানবন্দিতে নসুরের সম্পৃক্ততার কোনো বিষয় উঠে আসেনি বলে পুলিশ কর্মকর্তারা জানান।

পুরনো খবর:

এসপিপত্নী খুন: নসুরের জামিন আবেদন নাকচ
এসপিপত্নী খুনে গ্রেপ্তার নসুর ‘মাজারকেন্দ্রিক বিরোধের শিকার’