২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসপিপত্নী খুন: নসুরের জামিন আবেদন নাকচ

চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আকতার মিতু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আবু নসুর গুন্নুর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2016, 02:20 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

শনিবার সকালে চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ আদেশ দেন।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবু নসুর গুন্নুর জামিনের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

গত ৮ জুন চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেপ্তার হন আবু নসুর গুন্নু।

গ্রেপ্তারের পর পুলিশ দাবি করেছিল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কর্মী নসুর সীতাকুণ্ড থানার অপহরণ ও হত্যার ঘটনায় একটি মামলার আসামি।

পরদিন ৯ জুন নসুরকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। ওইদিনই তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

ওইদিন বিকালে নসুরের পক্ষে সংবাদ সম্মেলন করে হাটহাজারী উপজেলার দরবারে মুসাবিয়া এন্তেজামিয়ার উত্তরসূরিদের এক পক্ষ। তাদের দাবি ওই মাজারের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে নসুরকে ফাঁসানো হয়েছে।

এরপর মিতু হত্যায় গত ২৬ জুন মোতালেব মিয়া ওয়াসিম ও আনোয়ার, ২৮ জুন এহতেশামুল হক ভোলা ও মনির হোসেন এবং ১ জুলাই শাহজাহান ও মুছার ভাই সাইফুল আলম শিকদার ওরফে সাকু মাইজ্যা নামের ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এছাড়াও গত ২৯ জুন মুছা, রাশেদ, নবী, শাজাহান ও কালু নামের পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ।

৫ জুলাই রাঙ্গুনিয়া উপজেলার ঠান্ডাছড়িতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন মিতু হত্যায় সন্দেহভাজন রাশেদ ও নুরুন্নবী।

মিতু হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয়জনের মধ্যে ওয়াসিম, আনোয়ার ও মনির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তবে তাদের জবানবন্দিতে মিতু হত্যায় আবু নসুর গুন্নুর সম্পৃক্ততার কোনো বিষয় উঠে আসেনি।

গত ৫ জুন নগরীর ও আর নিজাম রোডে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করা হয় মিতুকে। তার স্বামী বাবুল চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় জঙ্গি দমনে বেশ কয়েকটি অভিযানে নেতৃত্বে ছিলেন।

পুরনো খবর:

এসপিপত্নী হত্যা: গ্রেপ্তার নসুর কারাগারে