পটিয়ার রামকৃষ্ণ সেবাশ্রমে প্রতিমা ভাংচুর
চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ ভূর্ষি রামকৃষ্ণ সেবাশ্রমে শ্যামা পূজার জন্য বানানো প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর ৫টার মধ্যে দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পশ্চিম পাড়ার সেবাশ্রমটিতে এ ঘটনা বলে থানায় অভিযোগ করা হয়েছে।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের কোনো সময়ে সেবাশ্রমে শ্যামা পূজার জন্য বানানো প্রতিমার হাতসহ কয়েকটা অংশ ভাংচুর করা হয়।
রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক অভিজিৎ দাশ বলেন, আসন্ন শ্যামা পূজার জন্য সেবাশ্রমে প্রতিমা বানানো এবং সাজসজ্জার কাজ করা হচ্ছিল। সোমবার রাত ১২টার দিকে আশ্রমের কর্মীরা কাজ শেষ করে কাজ শেষে মন্দির তালাবন্ধ করে চলে যায়।
মঙ্গলবার ভোরে পূজারী লোকজন মন্দিরে এসে গেইটের তালা ভাঙা এবং ভেতরে প্রতিমা ভাংচুর করা অবস্থায় রয়েছে দেখতে পায়।
অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা প্রতিমা ভেঙেছে দাবি করে অভিজিৎ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা কেন এ কাজ করেছে তা আমরা বুঝতে পারছি না।”
পটিয়ার ওসি রেফায়েত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
