২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও কাউন্সিলর চায় চট্টগ্রাম আওয়ামী লীগ

নগরীর ‘জনসংখ্যার ভিত্তিতে’ আগের বারের চেয়ে বেশি সংখ্যক কাউন্সিলর নিয়ে দলের ২০তম সম্মেলনে অংশ নিতে চায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 10:22 PM

Updated : 11 Oct 2022, 08:54 PM

পুরনো খবর:

বিরোধ সামনে নিয়ে এল আ জ ম নাছিরকে
কাউন্সিলে কাউন্সিলর পাঠানো নিয়ে চট্টগ্রাম মহানগর আ'লীগ দ্বিধাবিভক্ত

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্তত ১৬০ জন কাউন্সিলর নিয়ে এবারের সম্মেলনে যোগ দিতে নগর আওয়ামী লীগের আগ্রহের বিষয়টি দলের কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে।

বর্ধিত সভায় নেতারা বলেন, বন্দর নগরীর বর্তমান জনসংখ্যা প্রায় ৬৫ লাখ। সে হিসেবে চট্টগ্রাম নগরী থেকে কাউন্সিলরের সংখ্যা হওয়ার কথা ২৪০ জন।

তবে সেটা না হলেও অন্তত ৪০ লাখ জনসংখ্যার পুরনো হিসেব ধরলেও নগরী থেকে কাউন্সিলর হওয়ার কথা ১৬০ জন।

২০১২ সালে হওয়া দলের ১৯ তম কাউন্সিলে নগরীর জনসংখ্যা ২৮ লাখ ধরে ১১১ জনকে কাউন্সিলর নির্ধারণ করা হয়।

Image
দলের নির্বাচনী প্রতীক নৌকার আদলে করা হচ্ছে কাউন্সিলের মঞ্চ।

দলের নির্বাচনী প্রতীক নৌকার আদলে করা হচ্ছে কাউন্সিলের মঞ্চ।

মঙ্গলবার নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন উপস্থিত থাকলেও নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন না।

বর্ধিত সভায় উপস্থিত নগর আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছে নগরীর সব হোল্ডিং এর তথ্য আছে।

“ওই হিসেব অনুসারে চট্টগ্রাম নগরীর বর্তমান জনসংখ্যা ৬০ লাখের ওপরে। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুসারে এখন জনসংখ্যা হওয়ার কথা ৬৫ লাখ।”

নগর আওয়ামী লীগের আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউন্সিলর হিসেবে নগর কমিটির ১৩ জন উপদেষ্টা ও নগর কমিটির ৭১ জন সদস্য, প্রতি সাংগঠনিক থানা ও ওয়ার্ড কমিটি থেকে সভাপতি-সাধারণ সম্পাদক এবং এরপর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তো আছেনই।

“তাই কাউন্সিলর সংখ্যা বাড়ানোর প্রস্তাব আমরা কেন্দ্রের কাছে করেছি। ১৮৪ জনের একটি খসড়া তালিকা আমরা করে রেখেছি। কেন্দ্রের অনুমোদন পেলেই এ তালিকা চূড়ান্ত করা হবে।”

আওয়ামী লীগের ২০ তম ত্রিবার্ষিক সম্মেলন ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।

চার বছর আগে আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের জানান, এবার ৭০টি সাংগঠনিক জেলা থেকে ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর এবারের সম্মেলনে যোগ দেবেন।

Image
কাউন্সিলকে সামনে রেখে বাহারি সাজের আলোকে রাঙানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান।

কাউন্সিলকে সামনে রেখে বাহারি সাজের আলোকে রাঙানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান।

দলের গঠনতন্ত্রের ছয় ধারার ‘খ’ উপ-ধারায় প্রতি ২৫ হাজার জনসংখ্যার জন্য একজন করে কাউন্সিলর থাকার কথা বলা হয়েছে।

নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, গঠনতন্ত্র অনুসরণ করলে ৬০ লাখ মানুষের বিপরীতে কাউন্সিলর সংখ্যা হওয়ার কথা ২৪০ জন।

“গতবারের কাউন্সিলেও ২৮ লাখ জনসংখ্যা ধরে কাউন্সিলর সংখ্যা ১১১ জন নির্ধারণ করা হয়। এবারও যদি ওই সংখ্যাই থাকে তাহলে কি করে হয়।”

২০১২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শুমারি অনুসারে নগরীর জনসংখ্যা ছিল ৪০ লাখের বেশি।

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর জনসংখ্যা দিন দিন বাড়ছে। তথ্য-উপাত্ত উপস্থাপন করে কাউন্সিলর সংখ্যা অন্তত ১৬০ জন করার বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে।

“কাউন্সিলরের সংখ্যা বাড়তে পারে। আজ ঢাকায় কমিটির সভা আছে, সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিনের সাথে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভা চলছে। সিদ্ধান্ত হলে আপনাদের জানাতে পারব।