চট্টগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। কাউন্সিলে অংশ নিতে নগর আওয়ামী লীগ নেতাদের প্রতিদ্বন্দ্বী দুটি অংশ বৃহস্পতিবার রাতে আলাদাভাবে ঢাকার উদ্দেশে রওনা দেবে। এ দুটি অংশের কাউন্সিলরদের পৃথক তালিকা আগেই কেন্দ্রে পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলের জাতীয় কাউন্সিলে চট্টগ্রাম থেকে প্রতিনিধি পাঠানো নিয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং মহানগর সহ-সভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। এই দুই নেতার দীর্ঘদিনের বিরোধের জের আবার প্রকাশ্য রূপ নিল দলীয় কাউন্সিলে প্রতিনিধি পাঠানো নিয়ে। তারা আলাদা বৈঠক করে কাউন্সিলদের তালিকা তৈরি করে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের কাছে গত ১৯ জুলাই মেয়রের পক্ষ থেকে এবং ২০ জুলাই সাংসদ নুরুল ইসলাম বিএসসি'র পক্ষে পৃথকভাবে ১০৩ জন নগর আওয়ামী লীগ নেতার নাম কাউন্সিলর হিসেবে পাঠানো হয়েছে। তবে কেন্দ্র থেকে তালিকা দুটির ব্যাপারে কোনো মতামত জানানো হয়নি।
মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্র থেকে এ দুটি তালিকা থেকে যাচাই-বাছাই করে কাউন্সিলরদের নাম শুক্রবার সকালে ঘোষণা করা হবে। এজন্য উভয় অংশের নেতারা বৃহস্পতিবার রাতে দলবল নিয়ে শুক্রবার সকালে অনুষ্ঠেয় আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দিতে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, মেয়রের অনুসারীদের অধিকাংশই রাতে ট্রেন যোগে এবং সাংসদ নুরুল ইসলাম বিএসসির অনুসারীরা বাস যোগে পৃথকভাবে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
গত ১৯ জুলাই নগর আওয়ামী লীগের সভাপতি মেয়র মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে তার বাসভবনে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় নগর আওয়ামী লীগের বর্তমান কমিটির অধিকাংশ সদস্যসহ ১০৩ জনকে কাউন্সিলর হিসেবে তালিকাভুক্ত করা হয়।
অন্যদিকে, বুধবার রাতে নগরীর দামপাড়ায় মরহুম জহুর আহমদ চৌধুরীর বাসভবনে সাংসদ নুরুল ইসলাম বিএসসির অনুসারী নগর আওয়ামী লীগের অপর অংশ কাউন্সিলে যোগ দেওয়ার প্রস্তুতি হিসেবে সর্বশেষ বৈঠক করে। নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত সবাইকে জাতীয় পরিচয় পত্র ও দুকপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।
আলাদাভাবে কাউন্সিলরের তালিকা পাঠানোর বিষয়টি নিশ্চিত করে সাংসদ নুরুল ইসলাম বিএসসি বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান কমিটি যথাযথভাবে নগর আওয়ামী লীগের পরীক্ষিত নেতাদের কাউন্সিলর না করায় আমরা পৃথক তালিকা তৈরি করে ঢাকায় পাঠিয়েছি।
"মেয়র সাহেব তালিকা থেকে বাদ দিলে- আমরা কি আওয়ামী লীগ থেকে বাদ হয়ে গেছি না কি? এ কারণে আমরা নিজেরাই পৃথকভাবে কাউন্সিলে যোগ দিচ্ছি।"
তার অনুসারী নগর কমিটির সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাউন্সিলর নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ নগর কমিটি থাকা প্রয়োজন। অথচ মেয়রের নেতৃত্বাধীন বর্তমান কমিটির সদস্য সংখ্যা মাত্র ২০। এ কমিটির কাউন্সিলরের তালিকা তৈরির কোন এখতিয়ার নেই।
তিনি অভিযোগ করেন, নিজেদের ইচ্ছামত কাউন্সিলরের তালিকা তৈরির আগে মেয়রের পক্ষ থেকে নগরের অধিকাংশ আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগ ও আলোচনা করা হয়নি। মেয়রের নেতৃত্বে যে তালিকা তৈরি করা হয়েছে তাদের অনেকেই নগর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।
এসব কারণে তারা পৃথক কাউন্সিলর নির্বাচন করতে বাধ্য হয়েছেন বলে তিনি জানান।
এ প্রসঙ্গে নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কাউন্সিলরের তালিকা তৈরির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। গঠনতন্ত্র অনুসারেই মহানগর কমিটি কাউন্সিলরদের তালিকা তৈরি করেছে বলে তিনি জানান।
দানু আরও বলেন, যারা পৃথকভাবে কাউন্সিলরদের তালিকা বানিয়ে ঢাকায় পাঠিয়েছে তাদের অনেককেই কাউন্সিলর করা হয়েছে। এক্ষেত্রে কোনোধরনের পক্ষপাতিত্ব করা হয়নি।
এদিকে, মহানগরের ১০৩ জন ছাড়াও চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা থেকে ১৩২ জন করে জাতীয় কাউন্সিলে যোগ দিতে ঢাকা যাচ্ছেন। কাউন্সিলর ছাড়াও ডেলিগেট হিসেবে অনেক নেতা-কর্মী ঢাকা যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24