২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি অর্থায়ন: গ্রেপ্তার ব্যবসায়ী কারাগারে

জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে অর্থায়নের অভিযোগে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 08:10 PM

Updated : 11 Oct 2022, 08:52 PM

পুরনো খবর:

হামজা ব্রিগেডে অর্থায়ন: উত্তরা থেকে ব্যবসায়ী গ্রেপ্তার
‘হেফাজতের কথায়’ ডনের অ্যাকাউন্টে কোটি টাকা দেন শাকিলা
মুক্তি পেলেন ব্যারিস্টার শাকিলা

জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসান বুধবার বিকেলে আ স ম মনজুর এলাহী ওরফে মঞ্জুরকে (৩৭) কারাগারে পাঠানোর আদেশ দেন।

আগের রাতে ঢাকার উত্তরার ১৩ নম্বর সড়কের একটি বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি চন্দন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঁশখালী ও হাটহাজারী থানার দুটি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি মঞ্জুর।

“তাই তাকে রিমান্ডে চাওয়া হয়নি। তাকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে।”

চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক এএইচএম মশিউর রহমান জানান, দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঞ্জুরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তার মঞ্জুর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া গ্রামের অধ্যাপক সুলতান আহাম্মদের ছেলে।

র‌্যাব কর্মকর্তা চন্দন দেবনাথ বলেন, মঞ্জুর জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের ইসলামী ব্যাংকের ও আর নিজাম রোড শাখার একটি অ্যাকাউন্টে চার লাখ ২০ হাজার টাকা এবং নগদ ৮০ হাজার টাকাসহ মোট পাঁচ লাখ টাকা দেন।

গত বছর ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লটমনি পাহাড়ে একটি জঙ্গি আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান পায় র‌্যাব; গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। এরপর ওই মাসেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলা এবং হালিশহরে আরও দুটি জঙ্গি আস্তানার খোঁজ মেলে র‌্যাবের তদন্তে।

Image
গত বছর বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা অস্ত্র

গত বছর বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা অস্ত্র

সবশেষ গত বছরের এপ্রিলে বন্দরনগরী থেকে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তারের পর নতুন জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’র বিষয়ে নিশ্চিত হয় র‌্যাব।

অস্ত্র কিনতে তাদের এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ অগাস্ট রাতে ধানমন্ডি থেকে দুই আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারাজানাকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরমধ্যে লিটন ও বাপন গত বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান। আর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ব্যারিস্টার শাকিলা কারাগার থেকে মুক্তি পান ৭ জুন।

লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় চলতি বছর মার্চে ২৮ জন এবং  হাটহাজারীর মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণের সরঞ্জাম উদ্ধারের ঘটনায় এপ্রিলে ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় র‌্যাব। দুই মামলার অভিযোগপত্রেই মঞ্জুর এলাহীর নাম আছে।