সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে যুবক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও তেলবাহী লরির মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে।
আনুমানিক ৩০ বছর বয়সী নিহত ব্যক্তিকে বাস চালকের সহকারী বলে জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিস সীতাকুণ্ড স্টেশনের কর্মকর্তা মো. ফখরুদ্দিন।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।
ফখরুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী ইউনিক পরিবহনের একটি বাস অকটেন বহনকারী একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়।
“এতে লরিটি রাস্তার ডিভাইডারের উপর ও বাসটি অপর পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।”
ঘটনাস্থল থেকে ২৫ জনকে উদ্ধারের পর তাদের মধ্যে চার জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
