চট্টগ্রামে প্রতারক নারীর সাজা
সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ‘কাছের মানুষ’ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ায় এক নারীকে পাঁচ বছরের সাজা দিয়েছে আদালত।
সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ শাজাহান কবির এ রায় দেন। দণ্ডিত পারভীন আক্তার (৩৫) নগরীর পাহাড়তলি সরাইপাড়া এলাকার বাসিন্দা।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আবিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করেছে।
২০১৩ সালের ৯ জানুয়ারি রাতে বন্দর নগরীর একটি হোটেলে চাঁদপুর সমিতির অনুষ্ঠানে অংশ নেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ওই অনুষ্ঠানে মামলার বাদী রওশন আরা বেগম এবং আসামি পারভীন আক্তারও যোগ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, সেই অনুষ্ঠানে আলাপচারিতায় রওশন ও তার পরিবারের সদস্যদের কাছে নিজেকে দীপু মনির ‘কাছের মানুষ’ হিসেবে পরিচয় দেন পারভীন।
“ওই পরিচয়ের সূত্র ধরে পরে পারভীন নিজের ব্যবসার উন্নয়নের জন্য দুই দফায় রওশন আরার কাছ থেকে মোট ছয় লাখ টাকা ঋণ হিসেবে নেন। পরে রওশন আরা টাকা ফেরত চাইলে তাকে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ভয় দেখানো হয়।”
এ ঘটনায় ২০১৩ সালের ২২ মে পারভীনের বিরুদ্ধে নগরীর পাহাড়তলি থানায় মামলা করেন রওশন আরা।
ওই বছরের ২৭ জুন পারভীন অক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছর ২০ নভেম্বর ওই মামলায় অভিযোগ গঠন করা হয়।
মামলায় ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রায় দেন।
