হিমু হত্যামামলার রায় বৃহস্পতিবার হচ্ছে না
বিচারক ছুটিতে থাকায় চট্টগ্রামে কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলার রায় বৃহস্পতিবার হচ্ছে না।
এর আগে গত ১৬ জুলাই চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম রায় ঘোষণার জন্য ওই দিন ধার্য করেছিলেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক জরুরি পারিবারিক প্রয়োজনে দুই দিনের ছুটিতে গেছেন।
“আজ (বুধবার) ও আগামীকাল তিনি ছুটিতে থাকবেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার তিনি (বিচারক) আবার যোগ দেবেন।”
“তাই ধার্য দিনে রায় ঘোষণা করা সম্ভব হচ্ছে না,” বলেন কৌঁসুলি অনুপম চক্রবর্ত্তী।
তিনি জানান, বৃহস্পতিবার যিনি ভারপ্রাপ্ত হিসেবে ওই আদালত পরিচালনা করবেন সেই বিচারক চাইলে রায় ঘোষণার জন্য নতুন তারিখ নির্ধারণ করতে পারেন।
“অথবা রোববার যোগদানের পর মামলা পরিচালনাকারী বিচারক নিজেই নতুন তারিখ নির্ধারণ করবেন।”
এদিকে ধার্য দিনে রায় ঘোষণা না হওয়ার বিষয়টি বুধবার বিকেলেই জানতে পারে হিমুর পরিবার।
হিমুর বাবা প্রবীর মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনজীবী ও আদালতের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জেনেছি বিচারক ছুটিতে আছেন। তাই বৃহস্পতিবার রায় ঘোষণা হচ্ছে না।”
হিমুর মা গোপা মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবসময় অজানা আশঙ্কা মনে কাজ করে। আমার অপেক্ষা আরো বাড়ল। তবুও আশা করছি ন্যায় বিচার পাব। আসামিদের সর্বোচ্চ শাস্তিই হবে।”
২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ এলাকায় টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় শিক্ষার্থী হিমুকে।
২৬ দিন চিকিৎসা নেওয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়।
পরে হিমু খুনের ঘটনায় তার মামা শ্রীপ্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
আসামিরা হলেন- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।
এদের মধ্যে টিপু ও সাজু জামিনে আছেন। শাওন জামিন নিয়ে এবং রিয়াদ শুরু থেকেই পলাতক। শুধু ড্যানি কারাগারে আছেন।
অভিযোগপত্র দেওয়ার প্রায় দেড় বছর পর অভিযোগ গঠনের শুনানি চারবার পিছিয়ে ২০১৪ সালের বছরের ৩ ফেব্রুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
