আনোয়ারায় ১০ লাখ ইয়াবাসহ গ্রেপ্তার ২
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুটি অভিযানে ১০ লাখ ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।
সোমবার রাতে উপজেলার দোভাষী বাজার বেড়ি বাঁধ ও পারকী সমুদ্র সৈকত এলাকা থেকে দুজনকে আটক ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ হোসেন (৫৫) ও দয়াল কৃষ্ণ (৪০)।
মঙ্গলবার কোস্ট গার্ড পূর্ব জোনের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার জুলহাজ ফয়সাল বলেন, সোমবার দুপুরে মিয়ানমার থেকে টেকনাফ শাহ পরীর দ্বীপের দিকে আসা সন্দেহজনক ট্রলারকে ধাওয়া করলে ট্রলারটি গভীর সমুদ্রের দিকে চলে যায়।
“বিজিবি-২ কক্সবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদের দেওয়া তথ্যানুযায়ী কোস্ট গার্ডের একটি দল বহির্নোঙরে টহল পরিচালনা করলে ট্রলারটি আনোয়ারা পারকী সমুদ্র সৈকতের দিকে গিয়ে পালিয়ে যায়।”
পরে ট্রলারটিতে সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য তলদেশ ছিদ্র করে সেখানে থাকা লোকজন পালিয়ে যায় জানিয়ে কোস্ট গার্ড কর্মকর্তা জুলহাজ বলেন, রাতে ট্রলারটি তল্লাশি করে পাঁচটি বস্তায় থাকা ৯ লাখ ৫০ হাজারটি ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে দোভাষী বাজার বেড়ি বাঁধ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবসহ মোহাম্মদ হোসেন ও দয়াল কৃষ্ণকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
এসময় তাদের কাছ থেকে নগদ ১৩ হাজার ৮০০ টাকা ও দুটি মোবাইল সেটও জব্দ করা হয়।
