শ্রাবণের প্রথমদিনে বৃষ্টিতে ভোগান্তি বন্দরনগরীতে
শ্রাবণের প্রথমদিনের সন্ধ্যায় বন্দরনগরী চট্টগ্রামে ঝড়ো বাতাসের সাথে বৃষ্টিতে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়; হঠাৎ বৃষ্টিতে কয়েকটি এলাকায় অফিস ফেরত লোকজন যানজটে পড়ে ভোগান্তিতে পড়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীতে ঝড়ো বাতাসের সাথে শুরু হয় বৃষ্টি। অল্প বৃষ্টিতেই জোয়ারে পানির সাথে নগরীর নিম্নাঞ্চলে পানি জমে যায়।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চারণশীল মেঘমালার কারণে সন্ধ্যার পর বৃষ্টি শুরু হয়। ঝড়ো হাওয়ার সঙ্গে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে এ বৃষ্টি।
বৃষ্টিতে নগরীর পাঠানটুলী, গোয়ালপাড়া, প্রবর্তক মোড়, ওয়াসা মোড়, ষোলশহর দুই নম্বর গেইট, আগ্রাবাদ সিডিএ এলাকা, মুরাদপুর, চকবাজারসহ বিভিন্ন এলাকায় গোড়ালি থেকে হাঁটু পানি জমে যায়।
জোয়ারের সময় হওয়ায় বৃষ্টির পানি মিলিয়ে জলাবদ্ধতা কিছুক্ষণ স্থায়ী হয়। বৃষ্টির সময়ে পানি হলেও রাতে ধীরে ধীরে সরতে থাকে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টা পর্যন্ত চট্টগ্রাম শহরে সাত দশমিক ছয় মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি জানান, শনিবার বিকাল ৫টা ৫৬ মিনিটে দিনের দ্বিতীয় জোয়ার শুরু হয়, এটি শেষ হবে রাত ১১টা ৪৯ মিনিটে।
এছাড়া সঞ্চারণশীল মেঘমালার কারণে ইতিমধ্যে চট্টগ্রামসহ দেশের অন্যান্য সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান পূর্বাভাস কর্মকর্তা শেখ হারুন।
