২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারুল্লাহর আরেক সদস্যকে গ্রেপ্তার, রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তারের পর রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 10:32 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

গ্রেপ্তার আরিফুল মোস্তফা (২২) সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে তাকে হাজির করে সীতাকুণ্ড থানার একটি অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চেয়ে আবেদন করেছে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাতে বাড়বকুণ্ড এলাকা থেকে আরিফুলকে গ্রেপ্তার করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসবাদে সে আনসারুল্লাহ বাংলা টিমের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।”

জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) এইচ এম মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরিফুল মোস্তফাকে সীতাকুণ্ড থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

“রিমান্ড আবেদনের শুনানি হবে রোববার। তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

এর আগে গত রোববার গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মোবাইল ও একটি করে ল্যাপটপ ও ট্যাব উদ্ধার করা হয়।

ওইদিন অস্ত্র উদ্ধারের ঘটনায় করা অস্ত্র মামলাতে আরিফুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার গ্রেপ্তার হওয়াদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ইউনিয়নের বাবুনগর এলাকা থেকে তৌহিদুল আলম মানিক নামে আনসারুল্লাহর আরও এক সদস্যকে গ্রেপ্তারের পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুরনো খবর:

চট্টগ্রামে ৪ ‘আনসারউল্লাহ সদস্য’ রিমান্ডে
চট্টগ্রামে আনসারুল্লাহর আরও একজন গ্রেপ্তারের পর কারাগারে
আনসারুল্লাহ সদস্যরা ‘একে অন্যকে চিনতেন না’