২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আনসারুল্লাহর আরও একজন গ্রেপ্তারের পর কারাগারে

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আরও এক সদস্য গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 08:57 PM

Updated : 12 Apr 2022, 02:27 AM

গ্রেপ্তার তৌহিদুল আলম ওরফে মানিক (২২) আনসারুল্লাহর সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাবু নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রোববার গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর থেকে আনসার উল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই মানিককে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর।

তিনি বলেন, গ্রেপ্তারের পর নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুউল্লাহ বাংলাটিমের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মানিক।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলার মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়র রহমান ওই জবানবন্দি নেওয়ার পর তাকে কারাগারে পাঠান বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন আদালতের এক কর্মচারী।

সীতাকুণ্ড থেকে আনসারুল্লাহর চার সদস্যকে গ্রেপ্তারের পরদিন সোমবার পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “দেশকে অস্থিতিশীল করতে ও জঙ্গি তৎপরতা চালাতে বিভিন্ন কলকারখানায় হামলার পরিকল্পনা ছিল আনসারুল্লাহর।”

চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের ওপরও তাদের হামলার পরিকল্পনা ছিল বলে পুলিশ জানায়।