‘কুকুর লেলিয়ে শিক্ষার্থী হত্যার’ যুক্তিতর্কে পার ১০ মাস
চট্টগ্রামে কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমুকে হত্যার ঘটনায় দায়ের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হতে লাগল প্রায় ১০ মাস।
এর মধ্যে মধ্যে আট মাসই যুক্তি উপস্থাপন করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
বিষয়টিকে ‘উদ্দেশ্যমূলক সময়ক্ষেপণ’ হিসেবে অভিহিত করেছেন নিহত হিমুর বাবা এবং রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।
তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, অন্য মামলার চেয়ে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনে ‘স্বল্প সময়’ নেওয়া হয়েছে।
বুধবার এ মামলায় শুনানির দিন ধার্য থাকলেও তা হয়নি। ১৬ জুলাই পরবর্তী দিন রেখেছে আদালত।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিপক্ষ আর যুক্তিতর্ক উপস্থাপন করবে না বলে জানিয়েছে।
হিমাদ্রী মজুমদার হিমু (ফাইল ছবি)
২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ এলাকার শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় শিক্ষার্থী হিমুকে। ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর ২৩ মে তার মৃত্যু হয়।
এ ঘটনায় তার মামা শ্রী প্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
আসামিরা হলেন- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।
টিপু ও সাজু জামিনে আছেন। শাওন জামিন নিয়ে ও রিয়াদ শুরু থেকেই পলাতক। শুধু ড্যানি কারাগারে আছেন।
অভিযোগপত্র দেওয়ার প্রায় দেড় বছর পর অভিযোগ গঠনের শুনানি চারবার পিছিয়ে ২০১৪ সালের বছরের ৩ ফেব্রুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ এবং গত বছরের ১০ সেপ্টেম্বর যুক্তি উপস্থাপন শুরু হয়। চারটি নির্ধারিত দিনে যুক্তি উপস্থাপন করে গত বছরের ১৯ অক্টোবর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়।
এরপর ১ নভেম্বর আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী যুক্তি উপস্থাপন শুরু করেন। সর্বশেষ গত ৩০ জুন পর্যন্ত মোট ৩২ কার্যদিবস যুক্তি উপস্থাপন করেন মামলার পাঁচ আসামির আইনজীবী। ৩০ জুন যুক্তি উপস্থাপন করেন ড্যানির আইনজীবী।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী বলেন, মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিমুর দেওয়া বক্তব্যের রেকর্ডটি আদালতে শোনানো হয় ৩০ জুন।
“আদালতের নির্দেশে তিনবার সেটি বাজিয়ে শোনানো হয়। হিমুর দেওয়া বক্তব্যে আসামিদের নাম উল্লেখের বিষয়টি নিশ্চিত হতেই রেকর্ডটি শোনাতে আদালত নির্দেশ দেন।”
গত বছরের ১৪ অক্টোবর রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপনের সময়েও রেকর্ডটি আদালতে শোনানো হয়।
দীর্ঘ সময় ধরে যুক্তি উপস্থাপনের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী বলেন, “আমরা একমাসের মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করেছি। কিন্তু আসামিপক্ষ গত নয় মাসেও যুক্তি উপস্থাপন শেষ করেনি। তারা সাক্ষীদের সাক্ষ্যের প্রতিটি বক্তব্য নিয়ে যুক্তি উপস্থাপন করেছে।”
চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় দেড় মাসে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছিল জানিয়ে তিনি বলেন, “এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। তারা সময়ক্ষেপণের চেষ্টা করছে। এতে আমরা আশাহত। মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ সাজাই আশা করছি।”
হিমুর বাবা প্রবীর মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা খুবই প্রভাবশালী। শুরু থেকেই বারবার তারা মামলাটির গতিরোধ করার চেষ্টা করেছে।
“এখনও তারা অযথা বিলম্ব করছে। ছেলে হত্যায় আমি ন্যায় বিচার চাই।”
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্ত্তী বলেন, মামলা রায়ের পর্যায়ে চলে এসেছে। জামিনে থাকা দুই আসামি যাতে পালিয়ে না যেতে পারে সেজন্য আইনগত ব্যবস্থা নিতে আদালতের কাছে আবেদন জানাব।
সময়ক্ষেপণের অভিযোগ সম্পর্কে আসামি টিপুর আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী বলেন, অন্যান্য মামলায় কয়েক বছরেও যুক্তিতর্ক শেষ হয় না। সে তুলনায় এ মামলায় যুক্তিতর্ক অনেক দ্রুত শেষপর্যায়ে চলে এসেছে।
“হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি ফাঁসি। আসামিরা কঠিন শাস্তির মুখোমুখি দাঁড়িয়ে। তাই সবাইকে বলার পর্যাপ্ত সুযোগ দিতে হবে। নিয়ম মেনেই যুক্তি উপস্থাপন করা হয়েছে।”
২০১৪ সালের ২১ জুলাই এক আসামির আবেদনের প্রেক্ষিতে মামলায় ছয় মাস স্থগিতাদেশ দেন হায় কোর্টের একটি বেঞ্চ।
স্থগিতাদেশের অনুলিপি ওই বছরের ৪ অগাস্ট চট্টগ্রাম আদালতে পৌঁছালে মামলাটির বিচার কাজ থেমে যায়। এর তিনদিন পর ছয় মাসের স্থগিতাদেশ প্রত্যাহারের করে উচ্চ আদালতের একই বেঞ্চ।
ওই আদেশের অনুলিপি ২০১৪ সালের ১৮ অগাস্ট চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতে পৌঁছানোর পর ২৭ অগাস্ট আবার শুনানি শুরু হয়।
মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করে রাষ্ট্রপক্ষ।
