কুকুর লেলিয়ে হিমু হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু
চট্টগ্রামে কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় আদালতে যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে বাদীপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী যুক্তি উপস্থাপন শুরু করেন।
অনুপম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার এজাহার এবং কেন ও কীভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে বিষয়ে তথ্য ও যুক্তি উপস্থাপন করেছি।
“এই আদালতে মামলাটির কার্যক্রম এই প্রথম হওয়ায়, বিচারক মামলার বিষয়ে কিছু তথ্য জানতে চেয়েছেন। সেসব তথ্যও উপস্থাপন করেছি।”
বৃহস্পতিবারের কার্যক্রম শেষে আদালত আগামী ১ অক্টোবর যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন রাখে।
প্রায় ছয় মাস আগে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের কথা থাকলেও আদালত পরিবর্তন এবং নতুন আদালতে বিচারক না থাকায় তা সম্ভব হয়নি।
এর আগে মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বিচার কাজ শেষ না হওয়ায় চলতি বছরের ১৯ মার্চ মামলাটি চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরিত হয়।
আইনজীবী অনুপম বলেন, “অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারক না থাকায় যুক্তিতর্ক উপস্থাপন করা সম্ভব হয়নি। ২৭ অগাস্ট এখানে নতুন বিচারক যোগ দেন। এরপর মামলাটির কার্যক্রম আবার শুরু হলো।”
জামিনে থাকা এ মামলার দুই আসামি শাহ সেলিম টিপু ও সাজু বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন বলে অনুপম জানান।
মামলার অন্য তিন আসামি এখনো পলাতক।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ থানা এলাকায় শাহ সেলিম টিপুর বাড়িতে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয় চট্টগ্রামের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমুকে। আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসা নেওয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়।
হিমু খুনের ঘটনায় তার মামা শ্রীপ্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।
এ মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলেন- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।
অভিযোগ গঠনের শুনানি চারবার পিছিয়ে গত বছরের ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেওয়ার প্রায় দেড় বছর পর পাঁচ আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন করা হয়।
২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
পরবর্তীতে ২০১৪ সালের ২১ জুলাই মামলাটির এক আসামির আবেদনের প্রেক্ষিতে মামলায় ছয় মাসের স্থগিতাদেশ দেয় হাই কোর্ট।
স্থগিতাদেশের অনুলিপি ৪ অগাস্ট চট্টগ্রাম আদালতে পৌঁছালে মামলাটির বিচার কাজ থেমে যায়। এর তিনদিন পর ছয় মাসের স্থগিতাদেশ প্রত্যাহার করে উচ্চ আদালতের একই বেঞ্চ।
ওই আদেশের অনুলিপি গত বছরের ১৮ অগাস্ট চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতে এসে পৌঁছায়।
এরপর ২০১৪ সালের ২৭ অগাস্ট আবারো মামলাটির শুনানি শুরু হয়। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষ্য দিয়েছে।
