২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাদক সেবনে বাধা দেয়ায় হিমুকে হত্যা’

মাদক সেবনে বাধা দেয়ায় চট্টগ্রামের সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের ‘এ’ লেভের শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমুকে হত্যা করা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 09:28 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের আলোচিত হিমু হত্যা মামলায় আদালতে দেয়া সাক্ষ্যে এ কথা বলেছেন তার বাবা প্রবীর মজুমদার।

ওই মামলার চার আসামি তার ছেলেকে স্কুলের সামনে থেকে ধরে নিয়ে মারধরের পর কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে দেয় বলে সাক্ষ্য দেন তিনি।

চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমদের আদালত তার সাক্ষ্য নেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

হাসপাতালে চিকিৎসাধীন হিমু তাকে ঘটনার বিবরণ দিয়েছিল উল্লেখ করে প্রবীর মজুমদার বলেন, “২০১১ সালের ২৩ অক্টোবর পাঁচলাইশ আবাসিক এলাকার ৫ নম্বর সড়কে আসামি শাহাদাত হোসেন সাজু মাদক সেবন করছিল।

“এসময় হিমু ও মাদকবিরোধী সংগঠন শিকড়ের সদস্যরা সাজুকে বাধা দিলে ঘটনাস্থলে এসে সাজুর পক্ষ নিয়ে হিমু ও অন্যদের দেখে নেয়ার হুমকি দেয় আসামি দেন শাহ সেলিম টিপু।”

হিমুর বাবা জানান, ২০১২ সালের ২৭ এপ্রিল একই এলাকার সামারফিল্ড স্কুল অ্যাণ্ড কলেজের সামনে থেকে হিমুকে ধরে নিয়ে যায় আসামি জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ,  শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।

“আসামিরা বিষয়টি ফোনে টিপুকে জানালে তিনি হিমুকে তার বাড়ির ছাদে নিয়ে বেঁধে রাখতে বলেন।

“সেখানে আটকে রেখে হিমুকে মারধর করা হয়। এরপর কুকুর লেলিয়ে ভয় দেখিয়ে এবং সবশেষে ধাক্কা দিয়ে তাকে ছাদ থেকে ফেলে দেয়া হয়।”

২০১২ সালের ২৭ এপ্রিল শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে ফেলে দেয়ার পর আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসাধীন ছিলেন হিমু। ২৩ মে তার মৃত্যু হয়।

হিমুর বন্ধুরা হাসপাতালে তার কথাগুলো রেকর্ড করার সময়ও আসামি টিপু বাধা দিয়েছিলেন বলে জানান প্রবীর মজুমদার।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতে হিমুর বাবার আংশিক সাক্ষ্যগ্রহণ হয়েছে। আগামী রোববার তিনি বাকি সাক্ষ্য দেবেন।

হিমুর বাবাসহ এ মামলায় এখন পর্যন্ত নয়জন ‍সাক্ষ্য দিয়েছেন।

হিমু খুনের ঘটনায় তার মামা শ্রীপ্রকাশ দাশ পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেছিলেন।

২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

মামলা হওয়ার এক মাস পর শাহাদাত হোসেন সাজু এবং ২০১২ সালে শাহ সেলিম টিপু ও জুনায়েদ আহমেদ রিয়াদ আদালতে আত্মসমর্পন করেন। পরে তিনজনই জামিনে বেরিয়ে যান।

অভিযোগ গঠনের শুনানি চারবার পিছিয়ে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয়ার প্রায় দেড় বছর পর পাঁচ আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন করা হয়।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়।