২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিমু হত্যা মামলায় আসামির পক্ষে আংশিক যুক্তিতর্ক

চট্টগ্রামে কুকুর লেলিয়ে শিক্ষার্থী হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় এক আসামির পক্ষে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 04:37 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

Image
হিমাদ্রী মজুমদার হিমু (ফাইল ছবি)

হিমাদ্রী মজুমদার হিমু (ফাইল ছবি)

রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী যুক্তিতর্ক উপস্থাপন করেন।

আগামী ৪ নভেম্বর আদালত পরবর্তী দিন ধার্য্য করেছেন। ওইদিন টিপুর আইনজীবী বাকি যুক্তি-তর্ক উপস্থাপন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আইনজীবী কফিল উদ্দিন বলেন, মারা যাওয়া হিমুর সঙ্গে আসামি টিপু বা তার ছেলের কোনো পরিচয়, বন্ধুত্ব বা শত্রুতা ছিল না বলে যুক্তি-তর্কের শুনানিতে উল্লেখ করেছি।

“হিমু কিভাবে কোথায় মারা গেছে তা আমার মক্কেল জানে না। এই মামলার সাক্ষী ইসমাইল, তৈয়ব, জাওয়াদ আলী চৌধুরীর সঙ্গে টিপুর বিরোধের জের ধরে সাক্ষ্যে মিথ্যা তথ্য দিয়েছে।”

গত ১৯ অক্টোবর আলোচিত এই হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ থানা এলাকায় শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় শিক্ষার্থী হিমুকে। আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসা নেয়ার পর ২৩ মে তার মৃত্যু হয়।

হিমু খুনের ঘটনায় তার মামা শ্রীপ্রকাশ দাশ বাদি হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

এ মামলায় অভিযুক্ত পাঁচ আসামি হলেন- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।

অভিযোগ গঠনের শুনানি চারবার পিছিয়ে গত বছরের ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র জমা দেওয়ার প্রায় দেড় বছর পর পাঁচ আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন করা হয়।

২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

গত বছরের ২১ জুলাই মামলাটির এক আসামির আবেদনের প্রেক্ষিতে মামলায় ছয় মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। স্থগিতাদেশের অনুলিপি গত বছরের ৪ অগাস্ট চট্টগ্রাম আদালতে পৌঁছালে মামলাটির বিচার কাজ থেমে যায়।

এরপর গত বছরের ৭ অগাস্ট ছয় মাসের স্থগিতাদেশ প্রত্যাহারের করে উচ্চ আদালতের একই বেঞ্চ। এরপর ২০১৪ সালের ২৭ অগাস্ট আবার মামলাটির শুনানি শুরু হয়।

মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেছে রাষ্ট্রপক্ষ।