২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিমুর মৃত্যুর আগের কথা শোনানো হল আদালতে

চট্টগ্রামে কুকুর লেলিয়ে হত্যাকাণ্ডের শিকার হিমাদ্রী মজুমদার হিমুর মৃত্যুর আগে রেকর্ড করা বক্তব্য শুনেছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 07:06 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে এই হত্যামামলার যুক্তিতর্ক উপস্থাপনের নির্ধারিত দিনে রেকর্ডটি শোনানো হয়।

বাদী পক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০ জন সাক্ষীর মধ্যে এই পর্যন্ত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য বিষয়ে আদালতে যুক্তি উপস্থাপন করা হয়েছে। ১৯ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।”

মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিমু তার উপর হামলার বর্ণনা দিয়েছিলেন। ওই বক্তব্য তার বন্ধুরা রেকর্ড করেছিল। রেকর্ড করা সেই বক্তব্যের লিখিত অনুলিপি ১ অক্টোবর আদালতে উপস্থাপন করা হয়েছিল।

আইনজীবী অনুপম বলেন, “আদালত হিমুর রেকর্ড করা বক্তব্যটি শুনতে চেয়েছিল। তাই সেটি আজ  (বুধবার) আদালতে তা শোনানো হয়েছে।”

ওই রেকর্ডের বরাত দিয়ে আইনজীবী ‍অনুপম জানান, ২০১১ সালের ২৩ অক্টোবর নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ৫ নম্বর সড়কে আসামি শাহাদাত হোসেন সাজু মাদক সেবন করছিল।

“এসময় হিমু ও মাদকবিরোধী সংগঠন শিকড়ের সদস্যরা সাজুকে বাধা দিলে ঘটনাস্থলে এসে সাজুর পক্ষ নিয়ে হিমু ও অন্যদের দেখে নেওয়ার ‍হুমকি দেয় আসামি শাহ সেলিম টিপু।”

আইনজীবী অনুপম জানান, ওই ঘটনার পর শিকড়ের সভাপতি ইসমাইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। সে বিষয়টিও আদালতকে জানান তিনি।

আদালতে শোনানো রেকর্ডের তথ্য অনুসারে- ২০১২ সালের ২৭ এপ্রিল পাঁচলাইশ এলাকার সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে হিমুকে ধরে নিয়ে যায় আসামি জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।

“আসামিরা বিষয়টি ফোনে টিপুকে জানালে তিনি হিমুকে তার বাড়ির ছাদে নিয়ে বেঁধে রাখতে বলেন। সেখানে আটকে রেখে হিমুকে মারধর করা হয়। এরপর কুকুর লেলিয়ে ভয় দেখিয়ে এবং সবশেষে ধাক্কা দিয়ে তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়।”

মৃত্যুর আগে হিমুর দেওয়া এ বক্তব্য উদ্ধৃত করে গত বছরের ১১ সেপ্টেম্বর আদালতে জবানবন্দিও দেন তার বাবা প্রবীর মজুমদার।

মামলার অভিযোগ অনুযায়ী, টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় হিমুকে। আহত অবস্থায় ২৬ দিন পর ২৩ মে তার মৃত্যু হয়।

হিমু খুনের ঘটনায় তার মামা শ্রীপ্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

বুধবার আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা দুই আসামি টিপু ও সাজু। মামলার অন্য তিন আসামি এখনও পলাতক।

অভিযোগ গঠনের শুনানি চারবার পিছিয়ে গত বছরের ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেওয়ার প্রায় দেড় বছর পর পাঁচ আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন করা হয়।

২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

গত বছরের ২১ জুলাই মামলাটির এক আসামির আবেদনের প্রেক্ষিতে মামলায় ছয় মাসের স্থগিতাদেশ দেয় হাই কোর্ট।  স্থগিতাদেশের অনুলিপি গত বছরের ৪ অগাস্ট চট্টগ্রাম আদালতে পৌঁছালে মামলাটির বিচার কাজ থেমে যায়।

এরপর গত বছরের ৭ অগাস্ট ছয় মাসের স্থগিতাদেশ প্রত্যাহারের করে উচ্চ আদালতের একই বেঞ্চ।

ওই আদেশের অনুলিপি গত বছরের ১৮ অগাস্ট চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতে এসে পৌঁছায়। এরপর ২০১৪ সালের ২৭ অগাস্ট আবার মামলাটির শুনানি শুরু হয়।

মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেছে রাষ্ট্রপক্ষ।

চলতি বছরের ১০ সেপ্টেম্বর এ মামলার তথ্য ও যুক্তি উপস্থাপন শুরু হয়।

পুরনো খবর:

‘মাদক সেবনে বাধা দেয়ায় হিমুকে হত্যা’