চট্টগ্রামের হোটেলে শ্রমিক নেতার লাশ
চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক শ্রমিক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আজিম চৌধুরীর (৫৫) বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তিনি বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম শাখার সহ-সম্পাদক ছিলেন।
মঙ্গলবার রাতে সিনেমা প্যালেস এলাকার হোটেল টিউলিপের একটি কক্ষে তার লাশ পাওয়া যায় বলে কোতোয়ালি থানার এসআই এনামুল হক জানান।
“ওই কক্ষ থেকে দুর্গন্ধ আসায় কর্মচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন আমরা পাইনি।”
ময়নাতদন্তের জন্য মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই এনামুল জানান।
তিনি বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”
