চট্টগ্রামে দুই প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নগরীর আসাদগঞ্জে অনুমোদন ছাড়া গ্যাস ব্যবহারের কারণে দুটি প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড (কেজিডিসিএল)।
রোববার আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর এলাকার বাসাবাড়িতে নেওয়া ছয়টি অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করেছে কেজিডিসিএলের ভিজিল্যান্স দল।
কেজিডিসিএলের ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী হাসান সোহরাব জানান, আসাদগঞ্জের ইসলাম কলোনির মেসার্স আইএস মেটাল ও ইমতিয়াজ ব্রেড অ্যান্ড ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি দুটি অননুমোদিতভাবে গ্যাস ব্যবহার করায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া আনোয়ারার দক্ষিণ বন্দরে শিমুল সেনের বাড়িতে পাঁচটি এবং ইসমত আলীর বাড়ির একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান তিনি।
অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকারি অর্থ আদায়সহ গ্যাস আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
