২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎকেন্দ্রবিরোধী লিয়াকতের বাড়ি থেকে ‘অস্ত্র উদ্ধার’

বাঁশখালীর গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিএনপি নেতা লিয়াকত আলীর বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 08:38 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণ্ডামারা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় লিয়াকতের বাড়িতে অভিযান চালায় বিপুল সংখ্যক পুলিশ।

এসময় এলাকাবাসী বেরিকেড দিলে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানা গেছে।

লিয়াকতের বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা দুদু মিয়াকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (দক্ষিণ) হাবীবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তার বাড়ি থেকে দুটি এলজি, চার রাউন্ড গুলি ও একটি হ্যান্ডমাইক উদ্ধার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা হাবীবুর জানান, লিয়াকতের বাড়িতে অভিযান শেষে ফেরার সময় স্থানীয় লোকজন রাস্তায় বেরিকেড দিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে জেলা পুলিশের শুরু করা বিশেষ অভিযানের অংশ হিসেবে গণ্ডামারায় এ অভিযান চালানো হয় বলে দাবি করেন তিনি।

গত ৪ এপ্রিল বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধীতা বসতভিটা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হন।

এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্থানীয় বিএনপি নেতা লিয়াকত আলী।

এ ঘটনায় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, বিএনপি নেতা লিয়াকত ইউপি নির্বাচনকে ঘিরে ওই এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে স্থানীয় লোকজনকে ভুল বুঝিয়ে আন্দোলনে নামিয়েছিল।