শ্রমিকদের ধর্মঘটে গাড়ি চালানোর ঘোষণা মালিকদের
হাই কোর্টের আদেশ অনুযায়ী চট্টগ্রামে অনিবন্ধিত অটোরিকশা চলাচলে অনুমতি দেওয়ার দাবিতে ডাকা শ্রমিক ফেডারেশনের ধর্মঘট ঠেকানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রামের পরিবহন মালিকরা।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সোমবারের পরিবহন ধর্মঘটে নিজেদের মালিকানায় থাকা গাড়ি চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ।
লিখিত বক্তব্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বেলাল বলেন, শ্রমিক ফেডারেশন তাদের নিজেদের স্টিকার দিয়ে অনিবন্ধিত সিএনজি অটোরিকশা চালানোর দাবিতে যে ধর্মঘট ডেকেছে, সেটা সম্পূর্ণ অযৌক্তিক ও অনৈতিক।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ২০১৩ সালে চট্টগ্রামে চার হাজার সিএনজিচালিত অটোরিকশা নিবন্ধন দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, সেটাকে কেন্দ্র করে শ্রমিক ফেডারেশন ব্যাপক বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ বেলায়েত হোসেনের।
হাইকোর্টের রিটের প্রেক্ষিতে অনিবন্ধিত সিএনজি অটোরিকশা চলাচলের অনুমতি না দেওয়ার প্রতিবাদে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রামে সোমবারের ধর্মঘটের ডাক দেয়।
কিন্তু শ্রমিক ফেডারেশনের করা রিটে অনিবন্ধিত অটোরিকশা চলাচলে প্রশাসনকে হস্তক্ষেপ না করতে আদালত যে নির্দেশনা দিয়েছে তা মানতে নারাজ বেলায়েত হোসেন।
তিনি বলেন, “একই বিষয়ে অনেকগুলো রিট নিষ্পত্তি হয়ে গেছে। একই ধরনের রিটে পুনরায় আদেশ নিয়ে রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চালানো যায় কিনা আমাদের বোধগম্য নয়।”
এসব অনিবন্ধিত অটোরিকশা চলাচল বন্ধে প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে ১৯ মে মালিক গ্রুপ চট্টগ্রামে পরিবহন ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছে।
