মিরসরাইয়ে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সিএনবি এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সুমন (২৪)। তিনি জোরারগঞ্জ থানার সরকার তালুকদার গ্রামের মৃত আবুল বশরের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমিরুল্লা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “গোপন সংবাদের ভিত্তিতে সিএনবি পুকুর পাড়ের রিয়েল মার্কেটের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।
“এসময় মোটরসাইকেল আরোহী সুমনের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, পয়েন্ট ১২ বোর শটগানের দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।”
সুমনের কালো রঙের পালসার মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে।
