২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সন্দেহে গ্রেপ্তার চবির সেই তিন ছাত্র ফের রিমান্ডে

জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থীকে আবারও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 06:43 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন রেজা তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন আদালতের পরিদর্শক মশিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হাটহাজারি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চায় পুলিশ। আদালত শুনানি শেষে তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করে।

গতবছরের ২৬ ডিসেম্বর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইমুর রহমান নয়ন, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের এই তিন শিক্ষার্থীকে জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। এরপর ২৯ ডিসেম্বর তাদের ছাত্রত্ব বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গ্রেপ্তারের পর তাদেরকে নগরীর কর্ণফুলী, বায়েজিদ বোস্তামী ও হাটহাজারি থানার বিভিন্ন মামলায় বেশ কয়েকবার রিমান্ডে নিয়েছে নগর গোয়েন্দা ও হাটাহাজারি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নয়ন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের ভাষ্য।

গ্রেপ্তারের পর রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী জেএমবির আঞ্চলিক কমান্ডার ফারদীনের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার বাসা থেকে বিপুল পরিমাণ গুলি, অত্যাধুনিক স্নাইপার রাইফেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে নগরীর বিভিন্ন স্থানে গ্রেপ্তার চার জেএমবি সদস্যকে নিয়ে ৫ অক্টোবর কর্ণফূলী থানার খোঁয়াজনগর নগর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে বিপুল পরিমাণ গ্রেনেড, বোমা তৈরির সরঞ্জামসহ সামরিক কমান্ডার জাবেদকে গ্রেপ্তার করে পুলিশ।

পুরনো খবর:

চট্টগ্রামে জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৩ জন ফের রিমান্ডে