২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৩ জন ফের রিমান্ডে

জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থীকে হাটাহাজারী থানার দুটি মামলার প্রতিটিতে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে হেফাজতে পেয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 06:43 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাদ্দেক মিনহাজ মঙ্গলবার হেফাজতে নেওয়ার এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলা পুলিশের ওসি (প্রসিকিউশন) এইচ মশিউর রহমান বলেন, হাটহাজারী থানার সন্ত্রাস দমন ও মাদক বিরোধী আইনের মামলার প্রতিটিতে তাদের প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।

“আদালত তাদের প্রতি মামলায় পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। তবে উভয় মামলায় রিমান্ড একসঙ্গে করা হবে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

এর আগে ৪ জানুয়ারি হাটহাজারী থানার অস্ত্র আইনের এক মামলায় এই তিন জনকে চার দিন করে রিমান্ডে পেয়েছিল পুলিশ।

এছাড়া ৩ জানুয়ারি নগরীর বায়োজিদ থানার দুটি মামলায় তাদের চার দিন করে রিমান্ডের আদেশ দেয় চট্টগ্রাম মহানগর হাকিম আদালত।

গত বছরের ২৬ ডিসেম্বর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইমুর রহমান নয়ন, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল নামে এই তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ  বিজ্ঞান বিভাগের ছাত্র। গত ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তিনজনের ছাত্রত্ব বাতিল করে।

গ্রেপ্তারদের মধ্যে নয়ন ইসলামী ছাত্র শিবেরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের ভাষ্য।

গ্রেপ্তারদের মধ্যে রাসেলের স্বীকারোক্তি অনুযায়ী জেএমবি’র আঞ্চলিক কমান্ডার ফারদীনের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার বাসা থেকে বিপুল পরিমাণ গুলি, অত্যাধুনিক স্নাইপার রাইফেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে পুলিশ।

আর বায়েজিদ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে করা দুই মামলা করে গোয়েন্দা পুলিশ, যাতে এই তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তারের পর আসামি করা হয়।

নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার অন্য চার জেএমবি সদস্যকে নিয়ে ৫ অক্টোবর কর্ণফূলী থানার খোঁয়াজনগর নগর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে বিপুল পরিমাণ গ্রেনেড, বোমা তৈরির সরঞ্জামসহ সামরিক কমান্ডার জাবেদকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পরদিন ভোরে অক্সিজেন এলাকায় পুলিশের গ্রেনেড উদ্ধার অভিযানে জাবেদ বিস্ফোরণে নিহত হওয়ার পর বায়েজিদ থানার ওই মামলা দুটি দায়ের করা হয়।

এছাড়া এই তিনজনকে গ্রেপ্তারের পরপর ২৮ ডিসেম্বর কর্ণফুলী থানার সন্ত্রাস বিরোধী আইনে গত ৬ অক্টোবর হওয়া এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছিল পুলিশ।