২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল খুন: একসপ্তাহেও গ্রেপ্তার হয়নি ‘ছুরিকাঘাতকারী’ সোহান

সপ্তাহ পার হলেও চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাছিম আহমেদ সোহেল হত্যায় যার দিকে মূল অভিযোগ সেই মো. ইব্রাহীম ওরফে সোহানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 08:09 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

পুরনো খবর:

পরিকল্পিত হামলায় সোহেল খুন, ধারণা পুলিশের
প্রিমিয়ারের ছাত্র খুন, চট্টগ্রামজুড়ে বিক্ষোভ-অবরোধ

ঘটনার পরপরই পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও নতুন করে কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ জানিয়েছেন নিহত সোহেলের বাবা আবু তাহের।

ছেলেকে নিয়ে ‘রাজনীতি করার’ অভিযোগ তুলে আবু তাহের হত্যাকাণ্ডে যুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয়ের বিবিএ ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান আয়োজন নিয়ে ছাত্রদের দুইপক্ষের মধ্যে চলা উত্তেজনার মধ্যে গত ২৯ মার্চ ছুরিকাঘাতে মারা যান এমবিএ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ও নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নাছিম আহমেদ সোহেল।  

এ ঘটনায় সোহেলের বাবা অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবু তাহের পুলিশের হাতে আটক পাঁচ শিক্ষার্থীসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।

বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই পক্ষের হাতাহাতির পর এক শিক্ষার্থী পকেট থেকে ছুরি বের করে সোহেলকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতকারী হিসেবে বিশ্ববিদ্যালয়ের এমবিএ-র শিক্ষার্থী মো. ইব্রাহীম ওরফে সোহানকে চিহ্নিত করার কথা বলেছিলনে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ।

এছাড়া হত্যাকাণ্ডের পর নিহত সোহেলকে চট্টগ্রাম সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী দাবি করে তার কর্মীরা এই ঘটনার জন্য সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের দায়ী করে।

Image
নাছিম আহমেদ সোহেল

নাছিম আহমেদ সোহেল

তবে গ্রেপ্তার পাঁচ শিক্ষার্থীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতকারী সোহান নিহত সোহেলের বন্ধু। বন্ধুদের ‘ইগো’ সমস্যার কারণে সোহেলকে খুন করা হয়।

এর পেছনে কোনো রাজনৈতিক কারণও পুলিশ খুঁজে পায়নি বলে জানিয়েছিলেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই হুমায়ন কবির।  

সোহেল খুনের ঘটনায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রেপ্তার পাঁচজন ও মামলার এজাহারভুক্ত ১৬ জনকে স্থায়ী এবং আরও সাতজনকে সাময়িক বরখান্ত করেছে।

বুধবার সন্ধ্যায় সোহেলের বাবা আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলেকে কারা কিভাবে মেরেছে তা ভিডিও ফুটেজে সবই দেখা গেছে। কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেলেও নতুন করে কাউকে গ্রেপ্তার করা যায়নি।”

ছেলেকে নিয়ে নিয়ে ‘রাজনীতি’ শুরু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “আমার ছেলেকে নিয়ে রাজনীতি না করে প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

এদিকে মামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানতে পারেন নি বলে অভিযোগ করেন আবু তাহের।

মামলায় নতুন কোনো অগ্রগতি নেই জানিয়ে তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিরা সবাই শনাক্ত হয়েছে। তাদের গ্রেপ্তারে আমরা কাজ করছি।”

কিছুদিনের মধ্যে এই বিষয়ে একটা ফলাফল আসবে বলেও আশা তদন্ত কর্মকর্তা হুমায়নের।