২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ারের ছাত্র খুন, চট্টগ্রামজুড়ে বিক্ষোভ-অবরোধ

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন নিয়ে দুই দল শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডার জের ধরে ছুরিকাঘাতে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 04:45 PM

Updated : 11 Oct 2022, 08:00 PM

মঙ্গলবার বেলা ১টার দিকে ওয়াসা মোড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনার পর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকায় সন্ধ্যা পর্যন্ত শহরজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

নিহত নাসিম আহমেদ সোহেল (২৩) প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিলেন।

চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানের আয়োজন নিয়ে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির সময় বেশ কয়েকজন ছুরিকাহত হন।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা পৌনে ৩টার দিকে সোহেলের মৃত্যু হয় বলে হাসপাতাল ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া জানান।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বাণিজ্য অনুষদের ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান করা নিয়ে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে মঙ্গলবার সকালে কয়েকদফা বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুপুরে সিনিয়র শিক্ষার্থীর এক জুনিয়রকে মারধর করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এদিকে সোহেল মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রবর্তক মোড়ে প্রিমিয়ারের মূল ক্যাম্পাসের সামনে, আন্দরকিল্লা ও চেরাগী পাহাড় মোড়, আগ্রাবাদ ও মুরাদপুর সড়কে অবরোধ করে বিক্ষোভ করে।

সন্ধ্যায় চেরাগী পাহাড় মোড় থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের জ্যেষ্ঠ প্রতিবেদক মিন্টু চৌধুরী জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং মিছিল থেকে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাস এলাকায় বেশ কয়েকটি যানবাহন এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়র মূল ভেবনের নিচে অবস্থানরত বেশ কয়েকটি দোকানের কাচ ভাংচুর করে।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক সুমন বাবু জানান, বিকাল ৩টার দিকে শিক্ষার্থীরা প্রবর্তক মোড়ে অবস্থান নেওয়ার পর বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।

পরে পুলিশ তাদের সরিয়ে দিলে প্রবর্তক মোড়ে কয়েকটি দোকানের কাচ ভাংচুর করে তারা; একপর্যায়ে সোহেলের লাশ মোড়ে এনে বিক্ষোভ দেখায়।

৪টার দিকে নগরীর ওয়াসা মোড়েও সড়ক অবরোধ করে  একটি পিকআপ ও রিকশা ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ।

চট্টগ্রাম নগর পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াসা ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষে আহত একজন মারা যাওয়ার পর প্রবর্তক মোড়ে দুই পক্ষ বিক্ষোভ করছে।

প্রবর্তক মোড়ে অবরোধের জেরে নগরীর চকবাজার, গোল পাহাড় মোড়, জিইসি মোড় ও ওয়াসাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক যানজট লাগে।