২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসায় ডেকে বিবস্ত্র ছবি তুলে প্রতারণা, নারীসহ গ্রেপ্তার ৪

মোবাইল ফোনে প্রতারণার ফাঁদ পেতে ফোন ও টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 05:24 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শুক্রবার চালানো অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে শনিবার দুপুরে জানিয়েছে হালিশহর থানা পুলিশ।

গ্রেপ্তার চার জন হলো- আবদুল মান্নান জিতু (২৭), আবদুল হালিম মামুন (৩০), কামাল পাশা (৪৫) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (২৫)।

হালিশহর থানার ওসি প্রণব কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদে শুক্রবার বিকালে ঈদগাহ বরফকল এলাকায় অভিযান চালিয়ে জিতুকে আটক করা হয়। তার তথ্যে এলাকার মামুনকে আটক করা হয় একটি আইফোনসহ।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া থেকে কামাল ও তার চতুর্থ স্ত্রী তাসলিমাকে আটক করা হয়।

পরে জানা যায়, উদ্ধারকৃত আইফোনটি নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার আবদুল আউয়ালের।

পুলিশ কর্মকর্তা প্রণব বলেন, এরপর আউয়ালকে থানায় ডেকে আনার পর তিনি আইফোনটি নিজের বলে শনাক্ত করেন।

“আউয়াল জানান, ২৭ মার্চ তাকে মোবাইল ফোনে ঈদগাহ বড়পুকুর পূর্বপাড় এলাকায় একটি বাসায় ডেকে নিয়ে যায় তাসলিমা। সেখানে তাদের বিবস্ত্র ছবি তোলা হয়।

“পরে তিনি দুটি মোবাইল ফোন ও ৫৮ হাজার টাকা দিয়ে সেখান থেকে মুক্তি পান। ঘটনাটি কাউকে জানালে ওইসব ছবি জনসম্মুখে প্রকাশ করার বিষয়ে আউয়ালের কাছ থেকে স্ট্যাম্পে লিখিতও আদায় করে চক্রটি।”

এ ঘটনায় আউয়াল বাদি হয়ে থানায় মামলা করলে আটক চারজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ওসি প্রণব বলেন, সম্প্রতি নগরীতে এরকম আরও তিনটি ঘটনার মাধ্যমে টাকা ও ফোন হাতিয়ে নেওয়ার কথাও চক্রটির গ্রেপ্তার সদস্যরা স্বীকার করেছেন।