২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি কমাতে সরকারি অফিসে ‘সারপ্রাইজ ভিজিট’ করবে দুদক

সরকারি অফিসগুলোতে সেবাপ্রার্থীদের হয়রানি ও দুর্নীতি কমাতে ‘সারপ্রাইজ ভিজিট’ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসিরউদ্দিন আহমদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2016, 06:52 PM

Updated : 11 Oct 2022, 08:01 PM

বুধবার চট্টগ্রাম নগরীর হোটেল আগ্রাবাদে দুর্নীতি দমন সপ্তাহ উপলক্ষে আয়োজিত দুর্নীতি দমন বিষয়ক এক আলোচনা সভায় তিনি বলেন, “কোনো সরকারি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানি করা হয়েছে এমন অভিযোগ পেলে কমিশন সে বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে।

“শুধু তাই নয় সরকারি অফিসগুলোতে সেবাপ্রার্থীদের হয়রানি ও দুর্নীতি কমাতে এখন থেকে ‘সারপ্রাইজ ভিজিট’ করা হবে। সেবাপ্রার্থীদের সাথে দুর্নীতি দমন কমিশনের সরাসরি ভিডিও কনফারেন্সও আমরা চালু করব।”

২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে দুর্নীতিকে সহনীয় মাত্রায় নিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য এই দুই ‘জনগুরুত্বপূর্ণ’ খাতের দুর্নীতি বিষয়ে দুদক অ্যাকশনে যাবে বলে জানান সংস্থাটির কমিশনার নাসিরউদ্দিন।

“বিশেষ করে ডাক্তারদের কর্মস্থলে অনুপস্থিতি সবাইকে পীড়া দেয়। কয়েকদিন আগে খাগড়াছড়ি জেলার দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে সারপ্রাইজ ভিজিটে ১৫ জন ডাক্তারের মধ্যে মাত্র একজনকে পেয়েছি হাসপাতালে।

“এটাও এক প্রকার দুর্নীতি। সরকারি কোষাগার থেকে বেতন নিয়ে দায়িত্ব পালন করবেন না সেটা হবে না। দুদক এসবের বিরুদ্ধে অ্যাকশনে যাবে।”

অবকাঠামোগত উন্নয়ন কাজের বিল ছাড় করাতে জনসম্পৃক্তার উপর গুরুত্বারোপ করেন দুদক কমিশনার।

“উন্নয়ন কাজে নিয়োজিত ঠিকাদারদের ফাইনাল বিল ছাড় করাতে জনসম্পৃক্ততা রাখা হবে- যেটাকে আমরা ‘স্যোশাল অডিট’ বলতে পারি। সংশ্লিষ্ট এলাকার জনগণ উন্নয়ন কাজটির মান সম্পর্কে ইতিবাচক মত দিলে ঠিকাদারের ফাইনাল বিল ছাড় করা হবে।”

এভাবে দুর্নীতির লাগাম টেনে ধরা যাবে বলে আশাবাদী দুদক কমিশনার নাসিরউদ্দিন।

অনুষ্ঠানের বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন অধিক দুর্নীতিগ্রস্থ সরকারি অফিসগুলোতে গোপন নজরদারির পরামর্শ দেন।

“গোপন নজরদারির মাধ্যমে দুর্নীতির প্রকৃত চিত্র ভেসে উঠবে। ফলে সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহজ হয়ে যাবে।”

চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারার হাকিম আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরিন আখতার, দুদক চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বক্তব্য রাখেন।