২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

এফএমসির সার্ভে ও কোস্টাল জাহাজ নির্মাণের উদ্বোধন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) জন্য প্রথমবারের মতো সার্ভে ও কোস্টাল ভেসেল তৈরি করছে বেসরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এফএমসি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 07:09 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

শনিবার চট্টগ্রামের বোয়ালখালী ‍উপজেলায় এফএমসির শিপ ইয়ার্ডে জাহাজ দুটির নির্মাণ কাজ উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

অনুষ্ঠানে জানানো হয়, ৪৯.৫১ মিটার লম্বা ‘স্পেশাল ইন্সপেকশন মাল্টিপারপাস সার্ভে’ ভেসেলটি ২০১৭ সালের মে মাসে হস্তান্তর করা হবে।

জাহাজটিতে ডিজিটাল হাইড্রোগ্রাফিক সার্ভে ইকো সাউন্ডার ও মাল্টি ভিম ইকো সাউন্ডার থাকবে, যা ভিভিআইপি বহনেও ব্যবহার করা যাবে। ঘণ্টায় সর্বোচ্চ ১৪ নটিক্যাল মাইল ছুটতে পারবে সার্ভে ভেসেলটি।

৫০ মিটার লম্বা কোস্টাল ভেসেলটি ৫০০ যাত্রী বহন করতে পারবে। জাহাজটি চট্টগ্রাম থেকে হাতিয়া হয়ে বরিশাল পর্যন্ত নৌপথে ব্যবহার করা হবে। এটি হস্তান্তর করা হবে ২০১৭ সালের জুলাইয়ে।

এফএমসি বিআইডব্লিওটিএ’র জন্য ক্যাপিটাল ড্রেজিংয়ে সহায়ক ৫৩টি বয়া নির্মাণ করছে বলেও জানানো হয় অনুষ্ঠানে। 

‘সহিংসতার সুযোগ পাবে না কেউ’

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে নৌমন্ত্রী বলেন, বাংলাদেশ ‘উন্নয়নের মহাসড়কে’ থাকলেও খালেদা জিয়া দেখেন না।

‘চোখে ছানি পড়ায়’ সরকারের উন্নয়ন এতদিন খালেদা জিয়া দেখেননি মন্তব্য করে শাজাহান খান বলেন, “চোখের ছানি অপারেশন করে এসে খালেদা জিয়া বললেন, গণতন্ত্র না থাকলে উন্নয়ন টিকবে না। তিনি পরোক্ষভাবে সরকারের উন্নয়নকে স্বীকার করে নিলেন।

“গণতন্ত্রও আছে- তাও স্বীকার করবেন কিছুদিন পর। কিন্তু গণতন্ত্রের নামে মানুষ পোড়ানো, মন্দির পোড়ানো, গাড়ি পোড়ানোর ‍সুযোগ দেওয়া হবে না।”

উন্নয়ন যাত্রায় জাহাজ নির্মাণ খাতকে অন্যতম অংশীদার অভিহিত করে নৌমন্ত্রী বলেন, এ খাতকে সরকার পৃষ্ঠপোষকতা দেবে।

দেশের ২৪ হাজার কিলোমিটার নদীপথের মধ্যে ২০ হাজার ৪০০ কিলোমিটার ড্রেজিংয়ের অভাবে হারিয়ে গেছে জানিয়ে তা ফিরে পেতে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন তিনি।

“গত মেয়াদে ১৪টি ড্রেজার ক্রয় করা হয়। এ অর্থবছরে আরও বড় আকারের ২০টি ক্রয় করা হবে। উচ্চক্ষমতা সম্পন্ন উদ্ধারকারী জাহাজও সংযোজন করা হয়েছে বিআইডব্লিটিএতে।”

অনুষ্ঠানে এফএমসি চেয়ারম্যান ইয়াসিন চৌধুরী জাহাজ নির্মাণে ব্যাংক সুদ সিঙ্গেল ডিজিটে আনার অনুরোধ জানান।

সরকারের সার্বিক সহযোগিতা পেলে জাহাজ নির্মাণ খাত দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জুলফিকার আজিজ ও বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মোজাম্মেল হক।