ফাঁড়িতে নিয়ে সোনা ছিনতাই: হাবিলদার মেজবাহ রিমান্ডে
চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ফাঁড়িতে নিয়ে সোনা ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মো. মেজবাহকে জিজ্ঞাবাদের জন্য দুইদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসান বুধবার রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মো. মশিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার হাবিলদার মেজবাহকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
ওইদিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য্য করে জানিয়ে পুলিশ কর্মকর্তা মশিউর বলেন, শুনানি শেষে আদালত তাকে দুইদিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেয়।
সোমবার সকালে পাহাড়তলী রেল স্টেশনে আরএনবি ফাঁড়িতে নিয়ে দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মেজবাহর উপস্থিতিতে ডিবি পুলিশ পরিচয়ে দুই যুবক হাজারী গলি ঝুমুর মার্কেটের ‘বিশ্বকর্মা বুলিয়ন’ দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি সোনা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় ওইদিন রাতে চট্টগ্রাম রেলওয়ে থানায় ছিনতাইয়ের শিকার দোকান কর্মচারী পলাশ নন্দী বাদী হয়ে আরএনবি হাবিলদার মো. মেজবাহর নামসহ এবং ডিবি পুলিশ পরিচয় দেওয়া দুইজনকে অজ্ঞাত পরিচয় আসামি করে মামলা করেন।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে হাবিলদার মেজবাহকে মঙ্গলবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।
