২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পরিচয়ে ফাঁড়িতে নিয়ে সোনা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে স্বর্ণের দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 09:03 PM

Updated : 20 Aug 2022, 11:59 AM

সোমবার সকালে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাহাড়তলী স্টেশন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মো. মেজবাহর উপস্থিতিতে ফাঁড়ি থেকে এ সোনা ছিনিয়ে নেওয়া হয় বলে নগর গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই স্বর্ণের দোকানের মালিক।

জিআরপি থানার ওসি হিমাংশু দাশ রানা জানান, নগরীর হাজারী গলি ঝুমুর মার্কেটের ‘বিশ্বকর্মা বুলিয়ন’ নামের একটি দোকানের দুই কর্মচারী পলাশ ও বিশ্বজিৎ ওই সোনা ঢাকায় নিয়ে যাচ্ছিল।

“নগর গোয়েন্দা পুলিশের কাছ থেকে সোনা ছিনতাইয়ের অভিযোগটি শোনার পর এ দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি হাবিলদার মো. মেজবাহকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি।”

দোকান কর্মচারী পলাশ ও বিশ্বজিৎ জানান, সকালে ঢাকা যাওয়ার জন্য তারা চট্টগ্রাম রেল স্টেশনে আসেন। ট্রেন ধরতে না পেয়ে পাহাড়তলী রেল স্টেশনে যান। সেখানে ডিবি পরিচয়ে দুই ব্যক্তি তাদের তল্লাশির কথা বলে বলে সোনা ছিনিয়ে নিয়ে যান।

পলাশ বলেন, ‍“আমরা পাহাড়তলী রেল স্টেশনে যাওয়ার পর সেখান থেকে এসময়ে ঢাকার কোনো ট্রেন নেই জানানো হলে আমরা ফেনী যাওয়ার জন্য সাগরিকা এক্সপ্রেস ট্রেনের টিকিট যোগাড় করি।

“এসময় দুই ব্যাক্তি নিজেদের ডিবির লোক পরিচয় দিয়ে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ফাঁড়িতে নিয়ে তল্লাশির নাম করে স্বর্ণের পাতগুলো (গলানো সোনা) নিয়ে যায়।”

সোনাগুলো তাদের শরীরে বাধা ছিল জানিয়ে আরএনবি'র হাবিলদার মেজবাহর সামনেই তাদের কাছ থেকে সোনাগুলো নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন পলাশ।

আরএনবি’র হাবিলদার মেজবাহ সাংবাদিকদের কাছে দাবি করেন, “দুই ব্যক্তি নিজেদের গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে দুইজনকে ফাঁড়িতে এনে ইয়াবা আছে বলে আমাকে তল্লাশি করতে বলে।”

এসময় তিনি ওই দুইজনের ব্যাগ তল্লাশি করেছেন জানিয়ে বলেন, “আমি তাদের দুইজনের ব্যাগ তল্লাশি করে কিছু পাইনি। এসময় ওই দুইজন তাদের ফাঁড়ির অন্য কক্ষে নিয়ে তল্লাশি করে।”

তবে পলাশ ও বিশ্বজিতের কাছ থেকে কিছু নিয়েছে কিনা তা দেখেননি বলে দাবি করেন মেজবাহ।

এদিকে পলাশ ও বিশ্বজিতের দাবি, দুই লোক ফাঁড়ি থেকে সোনা নিয়ে চলে যাওয়ার পর মেজবাহ তাদের জানায় তারা গাড়ি আনতে অফিসে গেছেন।   

বিশ্বকর্মা বুলিয়নের মালিক বিধান ধর ছিনতাই করা স্বর্ণের পরিমাণ ২০৫ ভরি দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরানো সোনা ক্রয় করে সেগুলো গলিয়ে পাত তৈরি করা হয়েছে এবং সেগুলো অলঙ্কার তৈরির জন্য ঢাকায় পাঠানো হচ্ছিল।”

তিনি আরও বলেন, “পলাশ ও বিশ্বজিত গোয়েন্দা পুলিশের লোকজন তাদের কাছ থেকে সোনাগুলো নিয়ে গেছে জানানোর পর আমি তাদের দোকানে চলে আসার পরামর্শ দিই।”

পরে তাদের নিয়ে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে অভিযোগ জানানোর পর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে যায়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ডিবি পুলিশ পরিচয়ে সোনা নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এলাকটি আমাদের আওতাভুক্ত না হওয়ায় বিষয়টি আমরা রেলওয়ে পুলিশের ওপর ছেড়ে দেই।”

এঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে রেলওয়ে পুলিশের ওসি হিমাংশু বলেন, ‍“ঘটনাটি জানার জন্য আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি।”