ফাঁড়িতে নিয়ে সোনা ছিনতাইয়ের ঘটনায় মামলা
চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে স্বর্ণের দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করেছে ছিনতাইয়ের শিকার এক দোকান কর্মচারী।
চট্টগ্রাম রেলওয়ে থানায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) হাবিলদার মো. মেজবাহসহ তিনজনকে আসামি করে ছিনতাইয়ের শিকার দোকান কর্মচারী পলাশ নন্দী সোমবার রাতে বাদী হয়ে এ মামলা করেন বলে জানান ওসি হিমাংশু দাশ রানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় হাবিলদার মেজবাহর নাম উল্লেখ করে ডিবি পুলিশ পরিচয় দেওয়া দুইজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে হাবিলদার মেজবাহকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আরএনবি চট্টগ্রামের কমাড্যান্ট মো. সাত্তার ভূঁইয়া জানান।
তিনি বলেন, এ ধরনের একটি ঘটনা ঘটার পরও হাবিলদার মেজবাহ তাৎক্ষণিকভাবে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনেননি।
সোমবার সকালে পাহাড়তলী রেলস্টেশনে আরএনবি ফাঁড়িতে নিয়ে দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মেজবাহর উপস্থিতিতে ডিবি পুলিশ পরিচয়ে দুই যুবক হাজারি গলি ঝুমুর মার্কেটের ‘বিশ্বকর্মা বুলিয়ন’ নামের একটি দোকানের দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
যারা গলানো স্বর্ণগুলো অলঙ্কার তৈরি করার জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগের পর অভিযানে যায় তারা। পরে এলাকাটি রেলওয়ের আওতাভুক্ত হওয়ায় রেল পুলিশ বিষয়টি আমলে নিয়ে হাবিলদার মেজবাহকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
