২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মন্দিরের জমি দখলের অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ

‘রাস্তা সম্প্রসারণের নামে জমি দখল চেষ্টার’ অভিযোগ এনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এক কাউন্সিলরের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নগরীর একটি মন্দিরের ভক্ত ও সেবায়েতরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 09:55 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

বুধবার দুপুরে নগর ভবনের সামনে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের বিরুদ্ধে করা বিক্ষোভ মিছিল থেকে বিষয়টি সুরাহায় মেয়রের হস্তক্ষেপ চায় বিক্ষোভকারীরা। 

এর আগে ভক্ত ও সেবকরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের প্রাঙ্গণে সমবেত হয়ে মানববন্ধন করে। সেখান থেকে তারা মিছিল নিয়ে নগর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করে।

বিক্ষোভ শেষে মন্দিরের ভক্তরা সিসিসি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়।

নগরীর উত্তর কাট্টলী এলাকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সনাতন ধর্মাবলম্বীদের উপসনালয় ‘শ্রী শ্রী কৈবল্য ধাম’ অবস্থিত।

চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম গুরু রাম ঠাকুরের স্মৃতি ধন্য এই মন্দির ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয়দের একটি মিলনকেন্দ্র।

কৈবল্যধাম মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য আইনজীবী চন্দন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি করপোরেশন মন্দিরের সামনের সড়কটি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।

“সিটি মেয়র রাস্তা সম্প্রসারণে মন্দির কর্তৃপক্ষের সাথে বোঝাপড়ার পরামর্শ দিলেও কাউন্সিলর জসিম সেটা অগ্রাহ্য করে নিজ দায়িত্বে মন্দিরের দেয়াল ভেঙে রাস্তা সম্প্রসারণ করার চেষ্টা করছে।”

চন্দন বিশ্বাস বলেন, “২১ ফেব্রুয়ারি সকালে কাউন্সিলরের নেতৃত্বে মন্দিরের দেয়ালের একটি অংশ ভেঙে ফেলা হয়। পরে মেয়রের হস্তক্ষেপে তিনি নিবৃত হন।

“খতিয়ান, আরএস ও বিএস মতে করপোরেশন যদি মন্দিরের জায়গা পায় তাহলে মন্দির কর্তৃপক্ষ সেটা অবশ্যই ছেড়ে দেবে। কিন্তু পরিমাপের আগে কোনো ধরনের বোঝাপড়া না করে মন্দিরের দেয়াল ভাঙা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বিষয়টি সুরাহায় অবিলম্বে মেয়রের হস্তক্ষেপ দাবি করেন আইনজীবী চন্দন।

তবে অভিযোগ অস্বীকার করে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে দেয়ালটি ভাঙার কথা বলা হচ্ছে সেটি গত তিন বছর আগে উন্মুক্ত সড়ক ছিল। সেখানে পথচারীরা হাঁটাচলা করত। পরে সেখানে দেয়াল তুলে দেওয়া হয়।”

“আমি দেয়াল ভাঙতে যাইনি। সড়ক সম্প্রসারণের অংশ হিসেবে নির্ধারিত জমি ছেড়ে দিতে বলেছি শুধু।”

এ ঘটনায় সিটি মেয়র নাছির উদ্দিন বৃহস্পতিবার সব পক্ষকে ডেকেছেন জানিয়ে কাউন্সিলর জসিম বলেন, “সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”