২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অল্পের জন্য রক্ষা পেলেন বাসভর্তি শিক্ষার্থী

চট্টগ্রাম কলেজের শিক্ষাসফরের একটি বাস লক্ষ্য করে হাতবোমা ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বোমাটি বাসের বাইরে পড়ে বিস্ফোরিত হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 01:50 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার সকালে রাহাত্তারপুল এলাকায় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষাসফরের বাস লক্ষ্য করে বোমা মারা হয় বলে বাকলিয়া থানার এসআই রাজু আহমেদ গাজী জানিয়েছেন।

“এক যুবক শিক্ষার্থীদের বাস লক্ষ্য বোমা ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় বলে আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থেকে বোমার আলামত জব্দ করা হয়েছে।” 

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আনোয়ারুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে কলেজ থেকে তিনটি বাস নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষাসফরে বান্দরবান যাচ্ছিলেন।

“বাকলিয়ার রাহাত্তারপুর এলাকার লোহার ব্রিজ পার হওয়ার সময় একটি বাসের বাইরে বিষ্ফোরণের শব্দ পাওয়া যায়।”

বাসগুলোকে পরে পুলিশ পাহারায় শাহ আমানত সেতু পার করে দেওয়া হয় বলে বাকলিয়ার ওসি আবুল মনসুর জানিয়েছেন।

“শিক্ষাসফর থেকে ফিরে এসে তাদের মামলা করতে বলেছি।”

চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ এ হামলার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছে।