২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা চলাচলে অনুমতির জন্য আবেদন

উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে চট্টগ্রাম নগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচলের জন্য সিটি করপোরেশন (সিসিসি) ও মহানগর পুলিশের (সিএমপি) কাছে অনুমতি চেয়েছে নগরীর ব্যাটারি চালিত রিকশা মালিকরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 09:06 PM

Updated : 20 Aug 2022, 11:45 AM

চট্টগ্রাম মহানগরী ব্যাটারি চালিত প্যাডেল রিকশা মালিক মহাজোটের আহ্বায়ক মো. আরেফ আদালতের রায়ের কপিসহ একটি লিখিত আবেদন মঙ্গলবার সিসিসি ও সিএমপি কর্তৃপক্ষের কাছে জমা দেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, মহানগরীতে ব্যাটারি চালিত প্যাডেল রিকশা নির্বিঘ্নে চলার জন্য গত ১৫ অক্টোবর একটি মামলা করে ব্যাটারি চালিত প্যাডেল রিকশা মালিক মহাজোট।

“গত ২৯ নভেম্বর উচ্চ আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাটারি চালিত প্যাডেল রিকশা চলাচলে কোনো প্রকার প্রশাসনিক বাধা প্রদান না করতে এবং এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে দিক নির্দেশনা দিতে বলে।”

নির্দেশনার প্রেক্ষিতে নগরীতে ব্যাটারি চালিত প্যাডেল রিকশা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে দাবি জানিয়ে সিএমপি ও সিসিসি’র কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে নিজেদের পক্ষে আদালতের নির্দেশনা আসায় আহ্বায়ক মো. আরেফকে নগরীর পুরনো রেল স্টেশনে এক সংবর্ধনা দেয় সংগঠনের নেতাকর্মীরা।