২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৬৪টি অনিবন্ধিত অটোরিকশা জব্দ, মামলা

চট্টগ্রাম নগরী চলাচল করা অনিবন্ধিত অটোরিকশার বিরুদ্ধে আলাদা অভিযানে ১৬৪টি অটোরিকশা জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 05:59 PM

Updated : 11 Oct 2022, 07:43 PM

পুরনো খবর:

চট্টগ্রামে মিটারবিহীন এক হাজার অটোরিকশার বিরুদ্ধে মামলা
সিএনজি অটোরিকশা চালকদের এখনও ‘মিটারে পোষায় না’

মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পুলিশ আলাদাভাবে এসব অভিযান চালায়। অভিযানে মিটার ছাড়া চলাচলসহ বিভিন্ন অভিযোগে মোট ১০৭টি মামলাও করা হয়।

অনিবন্ধিত অটোরিকশা মালিকদের করা তিনটি রিট ২৭ জানুয়ারি আদালত খারিজ করে দেওয়ার পর এ অভিযানে নামে পুলিশ ও বিআরটিএ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ১৬০টি অনিবন্ধিত অটোরিকশা আটক করা হয়েছে।

পাশাপাশি মিটারবিহীন ৯১টি সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মামলা করা হয়।

মিটারবিহীন ও অনিবন্ধিত অটোরিকশার বিরুদ্ধে সোমবার থেকে শুরু করা পুলিশের এই অভিযান চলবে বলে জানান তিনি।

অন্যদিকে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত অনিবন্ধিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের প্রথম দিনে চারটি গাড়ি জব্দ করেছে।

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে চারটি অটোরিকশা জব্দের পাশাপাশি ১৬টি মামলা এবং ৩০ হাজার ৩০০ টাকা জরিমানাও করা হয়।

এদিকে পুলিশ ও বিআরটিএ’র অভিযানের মুখে সকাল থেকে নগরীতে সিএনজি অটোরিকশার সংখ্যা কম দেখা গেছে। পর্যাপ্ত অটোরিকশা না থাকায় চাপ পড়েছে গণপরিবহনে।

নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অন্য দিনের তুলনায় হাতে গোনা অটোরিকশা দেখা যায়, যারা যাত্রীদের কাছ থেকে প্রায় দ্বিগুন ভাড়া আদায় করেছে বলে অভিযোগ করেন কয়েকজন যাত্রী।

বিকালে এনায়েত বাজার মোড়ে সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি চাকুরিজীবী হাবিব রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় আধাঘণ্টার মতো দাঁড়িয়ে আছি, কোনো অটোরিকশার দেখা পাচ্ছি না। কয়েকটা পাওয়া গেলেও ভাড়া চাচ্ছে দ্বিগুন।”