২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মিটারবিহীন এক হাজার অটোরিকশার বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মিটারবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযানের প্রথম দিনে এক হাজার মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 07:02 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

সব অটোরিকশা মালিককে গাড়িতে মিটার লাগাতে রোববার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।  সেই সময় পার হওয়ার পর সোমবার নগরীতে অভিযান শুরু করে পুলিশ।

এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সময়টিকে বাদ রেখে দুপুর থেকে মোড়ে মোড়ে সিএনজি অটোরিকশায় মিটারের খোঁজে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ সদস্যরা।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিটারবিহীন সিএনজি অটোরিকশার বিরুদ্ধে এক হাজারের মতো মামলা হয়েছে।

মিটারবিহীন এসব গাড়ির বিরুদ্ধে নগরীতে বিভিন্ন স্পটে পুলিশের পাঁচটি টিম কাজ করছে বলে জানান তিনি।

“যতদিন মিটারবিহীন সিএনজি অটোরিকশা থাকবে ততদিন অভিযান চলবে,” বলেন শহীদুর।

বিআরটিএর মিটার মনিটরিং সেলের সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সিএনজি মালিক সমিতির সভাপতি হায়দার আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের অক্টোবরের মধ্যে এসব মিটার লাগানোর কথা ছিল। কিন্তু যে কোম্পানি মিটার বসাবে, তাদের ধীরগতির কারণে সেটা হয়নি।

কোম্পানিগুলোর ধীরগতি, সফটওয়ারের সমস্যাসহ নানা কারণ দেখিয়ে আরও দুই মাস সময় চেয়ে নিয়েছিল মালিক সমিতি।

“এর মধ্যে প্রায় ৬০ ভাগ সিএনজি অটোরিকশায় মিটার স্থাপনের কাজ শেষ হয়েছে। গত দুই দিনে সেটা আরও এগিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আশা করি মিটার স্থাপনের কাজ শেষ হবে,” বলেন আজম।

তিনি ৬০ শতাংশ অটোরিকশায় মিটার থাকার দাবি করলেও সোমবার নগরীতে চলাচলরত অধিকাংশটিতে মিটার দেখা যায়নি। এজন্য মালিকদের দুষেছেন চালকরা।

নগরীর হেমসেন লেইনের মুখে যাত্রীর জন্য অপেক্ষমান অটোচালক নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাই মিটার লাগানোর কথা মালিকের। এখন পুলিশ প্রতি মোড়ে মোড়ে আমাদেরকে ধরে মামলা দিচ্ছে।”

মালিক সংগঠনগুলোর হিসেবে, বন্দর নগরীতে মোট নিবন্ধিত সিএনজি অটোরিকশার সংখ্যা প্রায় ১৩ হাজার। এছাড়া নিবন্ধনহীন ‘এফএফআর’ লেখা প্রায় আট হাজার অটোরিকশার চলাচল করছে।

এর আগে বিভিন্ন সময় মিটারে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধ্য করার চেষ্টা করেছিল স্থানীয় প্রশাসন। তবে মিটার সংযোজনে জটিলতা এবং অটোরিকশার চালক-মালিকদের চাপের মুখে সেসব উদ্যোগ সফল হয়নি।