চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনিবাস উল্টে নিহত ২
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনিবাস উল্টে দুই যুবক নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে।
নিহত দুজন হলেন- চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের মো. জসিম (৪০) ও মধ্যম হাশিমপুর গ্রামের আজিজুল ইসলাম (৩৫)। দুজন বাস চালকের সহকারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত কারও নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ সার্জেন্ট জিল্লুর বলেন, বিকাল ৪টার দিকে বিলাসী পরিবহনের কক্সবাজারমুখী একটি মিনিবাস পটিয়ার ভেল্লাপাড়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি উল্টে গেলে সাতজন আহত হয়।
এর মধ্যে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা আজিজুল ও জসিমকে মৃত ঘোষণা করেন বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ।
