চট্টগ্রামেও শেষ হলো সেরা বই পাঠকের পুরস্কার বিতরণ
ঢাকা মহানগরীর পর চট্টগ্রামেও শেষ হলো বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দেশভিত্তিক ‘উৎকর্ষ’ কার্যক্রমে সেরা বই পাঠকের পুরস্কার বিতরণী উৎসব।
শুক্রবার সকাল ও বিকাল এই দুই পর্বের দিনব্যাপী আয়োজনে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে চলে পুরস্কার বিতরণের এ উৎসব।
দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় ২০১৫ সালে নগরীর ৮০টি স্কুলের অংশ নেওয়া ১৪ হাজার শিক্ষার্থীর মধ্যে পাঁচ হাজার ৩১৬ জনের হাতে তুলে দেওয়া সেরা পাঠকের পুরস্কার।
পুরস্কার বিতরণীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, "বই মানুষের হৃদয়কে সুন্দর করে, জীবনকে সমৃদ্ধ করে। আর সমৃদ্ধ হৃদয়ের মানুষরাই পারে একটি সমৃদ্ধ জাতি গঠন করতে।
শিক্ষার্থীদের বই পড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমরা বই পড়ে হৃদয়কে সমৃদ্ধ করার মাধ্যমে দেশকে উন্নত করবে-এটাই প্রত্যাশা। তোমরা বই পড়। বই পড়লে তোমাদের হৃদয় সুন্দর হবে-ভাষা সু্ন্দর হবে, তোমরাও ভালো হবে। তোমরা ভালো হলে বাংলাদেশ ভালো হবে"।
দেশব্যাপী দুই হাজার বিদ্যালয়ে বইপড়া কর্মসূচির সদস্য সংখ্যা বর্তমানে দুই লাখ । আগামীতে এ সংখ্যা আড়াই লাখে উন্নীত করার আশা ব্যক্ত করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
পুরস্কার বিতরণীর বিকালের পর্বে অতিথি হিসেবে সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, শিশু সাহিত্যিক আলী ইমাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ ও চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজিয়া আখতার বক্তব্য রাখেন।
এর আগে সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ ও পুরস্কার বিতরণী উৎসবের স্পন্সর প্রতিষ্ঠান গ্রামীণফোনের হেড অব কর্পোরেট রেসপন্সিবিলিটি দেবাশীষ রায় উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে সেরা বই পাঠকের পুরস্কার বিতরণী উৎসবে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ
চট্টগ্রামে সেরা বই পাঠকের পুরস্কার বিতরণী উৎসবে সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন
এর আগে একই কার্যক্রমের অংশ হিসেবে ১৫ ও ১৬ জানুয়ারি রাজধানীর রমনা বটমূলে ঢাকা মহানগরীর মোট ১১৫টি স্কুলের ছয় হাজার ৪৭১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আগামী ২৯ জানুয়ারি রাজশাহী শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজে রাজশাহী মহানগরীর এবং ১১ মার্চ খুলনা করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে খুলনা মহানগরীর সেরা পাঠকদের হাতে পুরস্কার তুলে দেওয়ার কথা রয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৩৭ বছর ধরে সারাদেশে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের বই পড়তে উদ্বুদ্ধ করতে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
দেশভিত্তিক উৎকর্ষ (বইপড়া) কার্যক্রম এর মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি। এই কর্মসূচির আওতায় প্রায় দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ২ লাখ শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও একই ধরনের বই পড়া কার্যক্রমে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচিতে প্রায় ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের আরও ১৫ লাখ শিক্ষার্তী বই পড়ার সুযোগ পাচ্ছে।
