২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই পড়ায় ‘এগিয়ে’ মেয়েরা

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির আওতায় বই পড়ার ক্ষেত্রে বর্তমানে দেশের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

তপন কান্তি রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2016, 07:39 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

পুরনো খবর:

বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ার পুরস্কার বিতরণী ১৫ জানুয়ারি থেকে

শুক্রবার রাজধানীর রমনা বটমূলে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দেশভিত্তিক ‘উৎকর্ষ’ কার্যক্রমের সেরা বই পাঠকের পুরস্কার বিতরণী উৎসবেও মেয়েদের এগিয়ে থাকার চিত্র দেখা গেছে।

সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া দুই দিনের এই উৎসবে বই পড়ুয়াদের মধ্যে মেয়েদের তুলনায় ছেলেদের কম উপস্থিতি দেখে হতাশ হন লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

“মেয়েরাই বেশি, ছেলেরা কম,” বলেন তিনি।

এসময় বিশ্বসাহিত্য কেন্দ্রের ডেপুটি টিম লিডার (প্রোগ্রাম) মেজবাহ উদ্দিন আহমেদ সুমন জানান, বইপড়া কার্যক্রমে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। দেশে বিশ্বসাহিত্য কেন্দ্রের বেশ কয়েকটি পাঠ কার্যক্রমে ১৯ লাখ পাঠক রয়েছে, যার মধ্যে শতকরা ৫৭ ভাগ মেয়ে।

বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৩৭ বছর ধরে সারাদেশে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বই পড়তে উদ্বুদ্ধ করতে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

দেশভিত্তিক উৎকর্ষ (বইপড়া) কার্যক্রম এগুলোর মধ্যে অন্যতম। এই কর্মসূচির আওতায় প্রায় দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের দুই লাখ শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছেন। বইপড়া সংক্রান্ত আরেক কার্যক্রম পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচিতে প্রায় ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের আরও ১৫ লাখ শিক্ষার্থী বইপড়ার সুযোগ পাচ্ছেন।

দেশভিত্তিক উৎকর্ষ (বইপড়া) কার্যক্রমে এবার দেশের চার মহানগরীতে দেওয়া হবে সেরা পাঠকদের পুরস্কার।

সকালে আমন্ত্রিত অতিথিদের নিয়ে নানা রঙের বেলুন উড়িয়ে ঢাকা মহানগরীর উৎসব উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

উৎসবে দেশের খ্যাতনামা নাট্যকার-লেখক-কবি-সাহিত্যিককরা বক্তব্য রাখেন। উৎসবে প্রিয় লেখকদের কাছে পেয়ে, তাদের কথা শুনে শিক্ষার্থীদের মুখ হাসিতে ভরে উঠতে দেখা যায়।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, “কেন এসেছি বলতো? তোমরা, শুধু তোমাদের দেখার জন্যে। তোমাদের দেখতে খুব ইচ্ছে করেছে- এক বছর ধরে অপেক্ষায় থাকি।

“আমি তোমাদের মনভরে দেখতে চাই। কিন্তু সাংবাদিকরা সামনে, দেখতে পাচ্ছি না। সাংবাদিক ভাইরা ওদের একটু দেখতে দেন, প্লিজ।”

দুষ্টুমির স্বরে তিনি বলেন, “সাংবাদিকরা সব সময় তোমাদের দেখতে দেয় না; শুধু ছবি তোলে, একটাও ছাপায় না।”

তার এ কথায় শিক্ষার্থীদের মধ্যে হাসির রোল পড়ে।

‘কোনো অনুষ্ঠানে গেলেই ছাত্রছাত্রীদের ব্রেন-ওয়াশ করি’ মন্তব্য করে এই লেখক বলেন, “বলি- বই পড়, বই পড়। কিন্তু এইখানে এসে আমার সমস্যা হয়ে গেল, কারণ এখানে সবাই বই পড়ে। বসে বসে অনেক চিন্তা করলাম কী বলা যায়, অনেক চিন্তা করে কী বলব সেটা বের করলাম।

“এখন থেকে বলব- ছেলেরা বই পড়, ছেলেরা বই পড়। মেয়েরাই বেশি, ছেলেরা কম।”

একথা শুনে মেয়েদের মাঝে আরও একবার হাসির রোল পড়ে।

মেয়েদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের বাড়িতে বড়-ছোট ভাইদের বই পড়তে বলবে। বলবে আগে পড়, ফেইসবুক বন্ধ কর। টেলিভিশন বন্ধ কর, বই পড়।

“সামনের বছর আমি দেখতে চাই, তোমাদের বড়- ছোট ভাইকে সাথে নিয়ে এখানে এসেছ। ভাইদের বই পড়াবে। আগামীবার আমি দেখতে চাই, ছেলেমেয়ে ফিফটি-ফিফটি। যদি না হয় তাহলে বিপদ হবে।”

জাফর ইকবাল বলেন, “বর্তমানে বাংলাদেশে মেয়েরা বেশি বই পড়ছে। ছেলেদেরকে মেয়েদের সাথে তাল মিলিয়ে বেশি বেশি বই পড়তে হবে। তবেই দেশে সুষম উন্নয়ন হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের বন্ধু কে- বই। বিশ্বের যত বড় বড় লেখক আছে-তারা তোমাদের বন্ধু; রবীন্দ্রনাথ তোমাদের বন্ধু, নজরুল তোমাদের বন্ধু, সুকান্ত তোমাদের বন্ধু, এরকম আরও যারা বিখ্যাত মানুষ আছেন সবাই তোমাদের বন্ধু।

“কারণ তোমরা তাদের বই পড়। তাদের বই পড়ার মাধ্যমে তোমাদের সাথে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সমৃদ্ধ মন গঠনের জন্য বিখ্যাত সাহিত্যিকদের সৃষ্টিকর্মের স্বাদ নিতে হবে।”

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “বই মানুষের হৃদয়কে সুন্দর করে, জীবনকে সমৃদ্ধ করে। আর সমৃদ্ধ হৃদয়ের মানুষরাই পারে একটি সমৃদ্ধ জাতি গঠন করতে।

“তোমরা বই পড়ে, হৃদয়কে সমৃদ্ধ করার মাধ্যমে দেশকে উন্নত করবে- এটাই আমাদের প্রত্যাশা।”

উৎসবে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, নাট্যকার মামুনুর রশিদ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, প্রকৌশলী মো. আবদুল আউয়াল, লেখক আনিসুল হক, গ্রামীণফোনের হেড অব কর্পোরেট রেসপনসিবিলিটি দেবাশীষ রায় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ বক্তব্য রাখেন।

‘বইপড়ার কোনো বিকল্প নাই’ মন্তব্য করে জামিলুর রেজা চৌধুরী বলেন, “বইপড়ার লাভ হচ্ছে, এতে জ্ঞানের পরিধি বাড়ে। মনের ভিত্তি শক্ত হয়। এর ফলে যে কোনো সংকট মোকাবেলা সহজ হয়।”

আনিসুল হক বলেন, “বই স্বপ্ন বুনতে শেখায়। তাই বড় মানুষ হতে হলে স্বপ্ন দেখতে হবে, বেশি বেশি বই পড়তে হবে। সফল মানুষ হতে হলে, বইপড়ার বিকল্প নেই।”

ইমদাদুল হক মিলন বলেন, “বই হল ‘আলোর কারখানা’। তোমরা যারা বই পড়, তারাই আগামী দিনের বাংলাদেশ। কারণ তোমাদের মধ্যে আমি অনেক আলো দেখতে পাই। তোমাদের মাধ্যমেই বাংলাদেশ আলোকিত হবে এটাই আমার বিশ্বাস।”

গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের এই আয়োজনে তিনটি পর্বে ঢাকা মহানগরীর ১১৫টি স্কুলের ছয় হাজার ৪৭১ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার দেওয়া হচ্ছে।

শুক্রবার সকালে প্রথম পর্বে ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার ২০১ জন ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় পর্বে পুরস্কার গ্রহণ করে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার ১৪৯ জন শিক্ষার্থী।

আগামীকাল শনিবার বিকাল ৩টায় ঢাকা মহানগরীর ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার ১২১ জন ছাত্রছাত্রী অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন।