চট্টগ্রামে বিদ্যুৎ বিল না দেওয়ায় ১৫ গ্রাহকের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎ বিলের ১১ লাখ টাকা বকেয়া আদায়ে খেলাপি ১৫ গ্রাহকের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিডিবি'র জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মহিউদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত নগরীর খুলশী থানাধীন বাংলাবাজার, আরেফিন নগর, টেক্সটাইল গেইট, আলী নগর, জিইসি মোড়, হাই লেভেল রোড ও টাংকির পাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পিডিবি চট্টগ্রাম কার্যালয়ের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলশী থানার এই সাত এলাকায় এ অভিযানে ১১ লাখ টাকা বকেয়া আদায়ে মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- বাংলাবাজার এলাকার জয়নাল উদ্দিন জনি ও মিজান (৮০ হাজার টাকা বকেয়া), আরেফিন নগরের মো. আব্দুল গফফর বাদল ও কোকিলা বেগম (দুজনের মোট এক লাখ ৭৪ হাজার টাকা), টেক্সটাইল গেইট এলাকার আবুল কালাম, অলি আহাম্মদ ও আবদুল গফুর (মোট দুই লাখ ৫০ হাজার টাকা)।
এছাড়া আলী নগরে আবু তাহের (এক লাখ ৩৭ হাজার টাকা), জিইসি মোড় এলাকার এ এস এম মর্তুজা (এক লাখ ২৭ হাজার টাকা), টাংকির পাহাড় এলাকার রাশেদা বেগম ও শাহনেওয়াজ (দুজনের মোট দুই লাখ টাকা) ও একই এলাকার সাদেক খান, সোহরাব খান, সারোয়ার খান ও সোহেল খান (মোট এক লাখ ৩০ হাজার টাকা বকেয়া)।
