২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসূতি মৃত্যু: অবহেলার অভিযোগে ২ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনেছেন ওই প্রসূতির বাবা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 08:01 PM

Updated : 20 Aug 2022, 11:37 AM

চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে সার্জিস্কোপ হাসপাতালের চিকিৎসক ডা. শামীমা সিদ্দিকী রোজী ও তার স্বামী ডা. মাহবুবুল আলমের বিরুদ্ধে মঙ্গলবার এ অভিযোগ দায়ের করা হয়।

মেহেরুন্নেসা রিমা নামে মৃত ওই প্রসূতির বাবা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসির ছোট ভাই খায়রুল বাশার এ অভিযোগ দায়ের করেন।

আদালত অভিযোগ শুনে নগরীর পাঁচলাইশ থানার ওসিকে এটিকে মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অভিযোগকারীর আইনজীবী সাধন ভট্টাচার্য্য।

নগরীর পাঁচলাইশ থানার বেসরকারি সার্জিস্কোপ হাসপাতালে সন্তান প্রসব করাতে গিয়ে ১০ জানুয়ারি মারা যান মেহেরুন্নেসা রিমা। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী।  

এ মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসা ও অবহেলায় মৃত্যুর অভিযোগে মৃতের স্বজনরা ওইদিন হাসপাতালে ভাংচুর চালায় এবং পরে দুই চিকিৎসকের শাস্তি চেয়ে নগরীতে মানববন্ধনও করে।

আইনজীবী সাধন ভট্টাচার্য্য বলেন, "রোগীকে একই দিনে দুইবার অজ্ঞান করা হয় এবং দুইবার অপারেশন করা হয়। চরম অবহেলা এবং বেপরোয়াভাবে অপারেশন করায় অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয়। "

প্রসূতি মেহেরুন্নেসাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকী রোজির তত্ত্বাবধানে সার্জিস্কোপ ইউনিট-১ এ ভর্তি করা হয়েছিল ৯ জানুয়ারি বিকালে। পরদিন ভোর ৬টার দিকে অস্ত্রোপচারের পর তার ছেলে সন্তানের জন্ম হয়।

স্বজনদের অভিযোগ, এর পর মেহেরুন্নেসার রক্তপাত শুরু হলে তাকে নগরীর কাতালগঞ্জের হাসপাতালের ইউনিট-২ তে নিয়ে যাওয়া হয় এবং জরায়ুতে অস্ত্রপাচার করা হয়। এতে মেহেরুন্নেসার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে তিনি মারা যান।

পুরনো খবর:

প্রসূতির মৃত্যু: চিকিৎসকের বিচার দাবিতে মানববন্ধন