চট্টগ্রামে অলি-গলিতে পুলিশের ‘মোটরসাইকেল টহল’
অপরাধ দমনে গতি আনতে চট্টগ্রাম শহরের ১৬ থানার অলি-গলিতে মোটরসাইকেলে টহল শুরু করেছে নগর পুলিশ।
রোববার বেলা ৩টা থেকে চট্টগ্রাম মহানগরীর সংশ্লিষ্ট থানার ওসিদের নেতৃত্বে একসঙ্গে টহল শুরু হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) জানিয়েছে।
নগরীর কোতয়ালী মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল।
এসময় সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান, অতিরিক্ত কমিশনার (অপরাধ) দেবদাস ভট্টাচার্য্যসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
“নগরবাসীকে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সচেতন করে তোলা, অপরাধী ধরতে আরও দ্রুত কাজ করার জন্য মোটরসাইকেলে করে পুলিশ কর্মকর্তারা টহল দেবেন।”
চট্টগ্রামের আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, রোববার ২০ জন পুলিশ সদস্য তার এলাকায় মোটরসাইকেলে করে টহল শুরু করেছে।
এছাড়া বায়েজিদ বোস্তামী এলাকাতেও মোটরসাইকেলে করে টহল দিয়ে স্থানীয় জনগণকে পুলিশ সদস্যরা অপরাধ দমনে সহযোগিতার জন্য উদ্বুদ্ধ করেছেন বলে জানান সংশ্লিষ্ট থানার ওসি মোহাম্মদ মহসিন।
