প্রাথমিকে চট্টগ্রামে কমেছে পাসের হার
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ বছর চট্টগ্রামে ৯৭ দশমিক ৩৬ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯০ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
জেলায় গতবার প্রাথমিকে পাসের হার ছিল ৯৭ দশমিক ৮৭ শতাংশ আর ইবতেদায়ীতে ৯৩ দশমিক ৯৩ শতাংশ।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এ বছরের ফল ঘোষণা করেন।
এবার চট্টগ্রামে প্রাথমিক সমাপনীতে এক লাখ ৫২ হাজার ৫২৮ জন শিক্ষার্থী অংশ নেয়; পাস করেছে এক লাখ ৪৮ হাজার ৫০৭ জন। তাদের মধ্যে ‘এ-প্লাস’ পেয়েছে ১২ হাজার ৬৩৪ জন এবং ‘এ’ গ্রেডে পাস করেছে ৪৯ হাজার ৮০ জন।
ইবতেদায়ীতে এবার ২৩ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ১১৩ জন। এর মধ্যে ‘এ-প্লাস’ পেয়েছে ৩৯০ জন। গতবার এই সংখ্যা ছিল দুই হাজার ৪৬৯ জন।
ইবতেদায়ীতে চট্টগ্রাম নগরীর মধ্যে সবচেয়ে বেশি পাস করেছে পাহাড়তলী থানা এলাকায়, ৯৯ দশমিক ৫৩ শতাংশ। এরপর রয়েছে ফটিকছড়ি উপজেলা, সেখানে পাস করেছে ৯৮ দশমিক ৩৬ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে চান্দগাঁও থানা এলাকা, সেখানে ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
ফল ঘোষণার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দৌলতুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।
