২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক কর্মচারীর বিরুদ্ধে দুদক'র মামলা

জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক এক কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 06:30 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দুদক’র উপ-সহকারী পরিচালক মালিক লাল দাস বাদী হয়ে এই মামলা করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সাবেক কর্মচারী মো. শামসুল হক ছাড়া মামলায় আব্দুল বারেক, কামাল আহমেদ ও মো. সাইফুদ্দিন নামে আরও তিনজনকে আসামি করা হয়েছে।

এর আগে সোমবার রাতে আরও তিনটি মামলা করা হয় শামসুল হকের বিরুদ্ধে। আসামি শামসুল বর্তমানে রাঙামাটি জেলা প্রশাসনে কর্মরত রয়েছেন।

আসামিরা পরষ্পর যোগসাজসে কর্ণফুলী থানার দ্বীপকালা মোড়ল মৌজায় সরকারিভাবে অধিগ্রহণ করা জায়গার প্রকৃত মালিককে বাদ দিয়ে ভুয়া মালিক সাজিয়ে ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদুৎ কেন্দ্র স্থাপনের জন্য দ্বীপকালা মোড়ল মৌজার কিছু জায়গা অধিগ্রহণ করে জেলা প্রশাসন।

আসামি শামসুল অধিগ্রহণ করা এলাকার মধ্যে ১ দশমিক ৪৪ একর জায়গার মূল মালিককে বাদ দিয়ে বারেক, কামাল ও সাইফুদ্দিনকে মালিক সাজিয়ে ২৩ লাখ ৫৮ হাজার ৭১৩ টাকা তিনটি চেকের মাধ্যমে তুলে আত্মসাত করে।

দণ্ডবিধির ৪০৯, ৪০৬, ৪২০ ও ১০৯ ধারায় এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় এসব মামলা করা হয় বলে জানান দুদক কর্মকর্তা সাধন।