বে-টার্মিনালের নির্ধারিত স্থানের পাশ থেকে বালু উত্তোলন
চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে-টার্মিনালের জন্য নির্ধারিত স্থানের পাশেই অবৈধভাবে ড্রেজিং করে বালি উত্তোলন করায় ১০টি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল হাশেম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকতের খেজুরতলা অংশের বিপরীতে বহির্নোঙরে প্রায় ২০-২৫টি ড্রেজার দিয়ে বালি উত্তোলন করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত দেখে অনেকে পালিয়ে গেলেও ১৮ জন শ্রমিককে ধরার পর জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়।
“যে স্থানে ড্রেজিং করা হচ্ছিল তার পাশেই বে টার্মিনাল নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। ১৯৯৪ সাল থেকে ধীরে ধীরে প্রাকৃতিক প্রক্রিয়ায় পলি জমে চরটি জেগে উঠেছে।
“এর কাছেই বালি উত্তোলনের ফলে ব্রেক ওয়াটার সিস্টেম (পলি জমার প্রাকৃতিক প্রক্রিয়া) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা আছে। চরটিও ভেঙে পড়তে পারে। ফলে বে-টার্মিনালের কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে পড়বে।”
ড্রেজার দিয়ে তোলা বালি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধীনে বাস্তবায়নাধীন ‘আউটার রিং রোড’ প্রকল্পের পুনর্বাসন কাজের মাটি ভরাটের জন্য ব্যবহার করা হচ্ছিল বলে জানান এই বন্দর কর্মকর্তা।
তিনি বলেন, “সিডিএ এই স্থান থেকে ঠিকাদারের মাধ্যমে বালি উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করলেও আমরা তার অনুমোদন দেইনি।
“আমরা তাদের অন্য দুটি স্থান থেকে বালি উত্তোলনের প্রস্তাব করেছি। কিন্তু অনুমোদনের আগেই সিডিএ’র নিযুক্ত কয়েকজন ঠিকাদার বিনা অনুমতিতে অবৈধভাবে বালি উত্তোলন করছিল।”
অভিযানে ১০টি ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়।
পাশাপাশি ১৮ জন শ্রমিককে আটকের পর এক লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়।
এ ঘটনায় অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আবুল হাশেম।
