চট্টগ্রামের আমিন জুট মিলে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের বায়েজিদ এলাকার আমিন জুট মিলে অগ্নিকাণ্ড ঘটেছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফজলুল কাদের জানান, সোমবার সন্ধ্যায় মিলের সীমানার মধ্যে খোলা জায়গায় রাখা পরিত্যক্ত পাটে আগুন লাগে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ পড়ে এ আগুনের সূত্রপাত হয়।”
ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এক ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান ফজলুল কাদের।
আগুনে পাট পুড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
